লাউ ধরলেও কয়েক দিনে শুকিয়ে যাচ্ছে, সমস্যা কোথায়? ছবি: সংগৃহীত।
ভারতীয় জল-হাওয়ায় লাউ-কুমড়ো হয় খুব সহজেই। একটু উর্বর মাটি, ঠিকমতো আলো-হাওয়া পেলেই তরতরিয়ে বেড়ে ওঠে গাছ। গাছ হয়েছে, পাতাতেও রোগের লক্ষণ নেই। কিন্তু লাউ ধরার বা স্ত্রী ফুল আসার কয়েক দিনের মধ্যেই কি তা শুকিয়ে যাচ্ছে?
উদ্যান পালকদের কথায়, এই সমস্যার মূল কারণ হল সঠিক ভাবে পরাগায়ন না হওয়া। সাধারণত লাউ গাছে পুরুষ ফুল ফোটে ৪০-৪৫ দিনের মধ্যে। কিন্তু স্ত্রী ফুল ফুটতে ৫৫ দিন লেগে যায়। স্ত্রী ফুল কতটা আসবে না আসবে আগাম বলা যায় না। তবে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধির কৌশল রয়েছে। লাউ গাছের মূল শাখার গাঁটের উপর থেকে তেরছা করে ব্লেড দিয়ে কেটে দিন। সেখান থেকে নতুন যে শাখা-প্রশাখা তৈরি হবে, তাতে স্ত্রী ফুল ধরার সম্ভবনা বাড়বে। স্ত্রী ফুল পুরোপুরি ফুটে ওঠার আগেই ছোট ফল দেখতে পাওয়া যায়। তবে পরাগ সংযোগ সঠিক ভাবে না হলে তা শুকিয়ে ঝরে যেতে পারে। সে ক্ষেত্রে গাছে ফলন হবে না বা কম হতে পারে।
মৌমাছি বা অন্য পতঙ্গের দ্বারা স্বাভাবিক পরাগায়ন না হলে, দরকার হয় কৃত্রিম পন্থার। উদ্যানপালকেরা জানাচ্ছেন, পুরুষ ফুল তুলে তার পাপড়ি ছিঁড়ে পরাগদণ্ডটি ঘষে দিতে হয়ে স্ত্রী ফুলের পাপড়ির মধ্যস্থলে থাকা গর্ভমুণ্ডে। এতে স্ত্রী ফুল ঝরে যাওয়ার ভয় থাকে না। এই ভাবেই বাড়তে পারে ফলন।
লাউ চাষে ক্ষার এবং অম্লবিহীন মাটি লাগে। মূল গভীরে প্রবেশ করতে পারে না বলে অনুর্বর মাটিতে লাউ হয় না। আর অল্প-বিস্তর সার না দিলে ভাল ফলন পাওয়া যায় না। তাই লাউ চাষের জন্য জমি তৈরির সময়ে গোবর সার প্রয়োগ করলে ভাল। যোগ করতে পারেন সামান্য সর্ষের খোলও। মাটিতে কিছুটা বালি মেশান। এতে জল দ্রুত বেরিয়ে যাবে। লাউগাছ ছোট থাকলে ১০-১২ ইঞ্চির টব ভাল। তবে বড় হলে আরও বড় টব দরকার।
গাছ বেড়ে ওঠার জন্য অন্তত ৬ ঘণ্টা রোদের দরকার। গরমকালে জলের দরকার হয় বেশি। মাটি যেন হালকা ভিজে থাকে খেয়াল রাখতে হবে, তবে গাছের গোড়ায় জল বসলে বিপদ।