Tomatoes Cleaning Tips

কাঁচা বা রান্না করে খাওয়া টম্যাটোর ছালে ভর্তি কীটনাশক ও ময়লা! পরিষ্কারের নিয়মে ছোট্ট বদল আনুন

শীতের সময়ে এবং বসন্তের শুরুর দিকে ঘন ঘন কীটনাশক স্প্রে করা হয়। তাই হেঁশেলের একটি উপাদান দিয়ে টম্যাটো পরিষ্কার করা দরকার রোজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৬
Share:

হেঁশেলের উপকরণ দিয়েই পরিষ্কার করুন টম্যাটো। ছবি: সংগৃহীত।

রোজের পাতের সঙ্গী টম্যাটো। কখনও তরকারিতে, কখনও স্যালাডে, কখনও চাটনি বা স্যুপে। এই সব্জি কাঁচা খাওয়ার চল রয়েছে ঘরে ঘরে। কিন্তু সুন্দর লাল ত্বকের উপর মাটি, ধুলোময়লা, জীবাণু আর ফসল রক্ষা করার কীটনাশক লেগে থাকতে পারে। কেবল কলের জলে ধুয়ে নিলেই তা পুরোপুরি পরিষ্কার হয় না। টম্যাটোর ছাল খুব পাতলা বলে তাতে ময়লা, কীটনাশক আটকে থাকে। তার উপরে শীতের সময়ে এবং বসন্তের শুরুর দিকে ঘন ঘন কীটনাশক স্প্রে করা হয়। তাই হেঁশেলের একটি উপাদান দিয়ে টম্যাটো পরিষ্কার করা দরকার রোজ। ভাল করে পরিষ্কার করলে কীটনাশকের অবশিষ্টাংশ দূর হবে, ব্যাক্টেরিয়া সংক্রমণ রোধ হবে, ধুলোময়লা সরানো যাবে আর কাঁচা সব্জি খাওয়া নিরাপদ হবে। আর সেই উপকরণটি হল নুন।

Advertisement

নুন কী ভাবে এই কাজে পারদর্শী?

নুন মিশ্রিত জল টম্যাটোর ছাল থেকে কীটনাশকের অবশিষ্টাংশ দূর করে। তবে মনে রাখতে হবে, এগুলি শুধুমাত্র পৃষ্ঠের ময়লা দূর করতে পারে। কিন্তু ফসল ফলানোর সময়ে টম্যাটোর ভিতরে শোষিত রাসায়নিক অর্থাৎ ‘সিস্টেমিক পেস্টিসাইড’ সরানো সম্ভব হয় না।

Advertisement

নুন দিয়ে টম্যাটো পরিষ্কারের সহজ পদ্ধতি

১) নুন মিশিয়ে জল তৈরি করুন: একটি বড় বাটিতে এক লিটার জল নিন। তাতে এক চামচ নুন দিয়ে ভাল ভাবে গুলিয়ে নিন। এই দ্রবণ টম্যাটোর ছাল থেকে দাগ-ময়লা ও কীটনাশক আলগা করে দেয়।

২) টম্যাটোগুলি ভিজিয়ে রাখুন: নুন মিশ্রিত জলে টম্যাটোগুলি পুরোপুরি ডুবিয়ে রাখুন। প্রায় ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখলেই পৃষ্ঠের অবশিষ্ট কীটনাশক ঢিলা হতে শুরু করে।

৩) কলের জলে ধুয়ে নিন: ভিজিয়ে রাখার পর টম্যাটোগুলি একটি একটি করে কলের জলে ধুয়ে নিন। ধোয়ার সময় টম্যাটোর ছাল আলতো চাপে ঘষে নিন, যাতে আলগা হয়ে যাওয়া অবশিষ্টাংশ উঠে যায়।

৪) শুকিয়ে নিন: ধোয়ার পর একটি পরিষ্কার তোয়ালে বা কাপড়ে টম্যাটোগুলি মুছে নিন, তার পর ব্যবহার করুন।

টম্যাটো পরিষ্কারের কয়েকটি বাড়তি টিপ্‌স

· টম্যাটো খুব বেশি ক্ষণ নুন-জলে ভিজিয়ে রাখবেন না, এতে অতিরিক্ত নরম হয়ে যাবে সব্জি।

· সব সময়ে রান্নার আগে বা খাওয়ার ঠিক আগে পরিষ্কার করুন। বাজার থেকে এনেই পরিষ্কার করে রাখলে আর্দ্রতা জমে জমে পচে যাবে টম্যাটো।

· যদি টম্যাটোর ছালের কোনও অংশ নষ্ট হয়ে থাকে বা দাগ থাকে, তবে রান্নার আগেই সেটি অল্প কেটে ফেলে দিন।

· তাও সন্তুষ্ট না হলে হালকা গরম জল দিয়ে খুব কম সময় ধরে ব্লাঞ্চিং করে তার পর খোসা ছাড়িয়ে ব্যবহার করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement