Celebrity Weird Food Combinations

দুই খাবারের আজব জুটি! থালা যেন প্যালেট, নববধূ রশ্মিকা ছাড়াও কোন কোন তারকা কী কী মিশিয়ে খান

ছোট থেকেই জগাখিচুড়ির দিকে বড়ই টান রশ্মিকা মন্দানার। বাকিরা অবাক হলেও বিজয় দেবরকোন্ডার স্ত্রীর কাছে সেই সমস্ত খাবার বেশ সুস্বাদু। জাহ্নবী কপূর, বরুণ ধওয়ানের মতো তারকারাও খাবারের যুগলবন্দি ভালবাসেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৬:০৩
Share:

খাবারের আজব জুটি নিয়ে তারকাদের গল্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নববধূ রশ্মিকা মন্দানা সাধারণত কঠোর খাদ্যাভ্যাস মেনে চলেন। তবে ছোট থেকেই জগাখিচুড়ির দিকে বড় টান তাঁর। নিন্দুকেরা হয়তো বলবেন, ‘‘এ আবার খাবার না কি!’’ কিন্তু বিজয় দেবরকোন্ডার স্ত্রীর কাছে সেই সমস্ত খাবার বেশ সুস্বাদু। সেই সময়ে খাওয়ার থালা যেন প্যালেট হয়ে ওঠে রশ্মিকার কাছে। সেখানে যাবতীয় খাবারদাবার মিশিয়ে আজব এক মিশ্রণ তৈরি করেন। অভিনেত্রীর কথায়, তিনি ছোটবেলায় এমন সব খাবারের মিশ্রণ বানাতেন যে, তাঁর বাবা মজা করে বলতেন, মেয়ের নাকি খাবার মেশানোর বিশেষ প্রতিভা রয়েছে। এক সাক্ষাৎকারে এমন দুই মিশ্রণের কথা বলেছেন অভিনেত্রী।

Advertisement

চিপ্‌স ও দইভাত

রশ্মিকার পছন্দের একটি অদ্ভুত খাবারের মিশ্রণ হল চিপ্‌স ও দইভাত। সাধারণত দইভাত আলাদা ভাবেই খাওয়া হয়, কিন্তু তিনি এর সঙ্গে চিপ্‌স মিশিয়ে খেতে ভালবাসতেন। তাঁর মতে, দইভাতের নরম স্বাদ এবং চিপ্‌সের নোনতা ও মুচমুচে ভাব একসঙ্গে খেলে আলাদা ধরনের স্বাদ তৈরি হয়। ছোটবেলায় তিনি প্রায়ই এ ভাবে খেতেন।

Advertisement

চিপ্‌স ও দইভাত। ছবি: এআই সহায়তায় প্রণীত

চিপ্‌স ও ইনস্ট্যান্ট নুডল্‌স মিশ্রণ

রশ্মিকার আরও একটি অদ্ভুত কিন্তু প্রিয় খাবারের মিশ্রণ হল, ইনস্ট্যান্ট নুডল্‌স সঙ্গে চিপস। ইনস্ট্যান্ট নুডল্‌সের উপর চিপ্‌স ভেঙে ভেঙে মিশিয়ে খেতেন ছোটবেলায়। এই মিশ্রণেও নরম নুড্‌লসের সঙ্গে মুচমুচে স্বাদ যোগ করে চিপ্‌স।

Advertisement

তবে এ অভ্যাস বিরল নয়। অনেকেরই এমন খাওয়াদাওয়া পছন্দ। তারকাদের মধ্যেও এই প্রবণতা কেবল রশ্মিকার মধ্যে সীমাবদ্ধ নেই। আরও কয়েকজন ভারতীয় তারকারও খাবার নিয়ে অদ্ভুত বা আলাদা ধরনের অভ্যাসের কথা বিভিন্ন সাক্ষাৎকারে জানা গিয়েছে।

ইয়োগার্ট ও লঙ্কা

অভিনেত্রী জাহ্নবী কপূর ঝালপ্রেমী। ফলে যে কোনও খাবারের সঙ্গেই লঙ্কা দরকার তাঁর। এমনকি ইয়োগার্ট খেলেও সঙ্গে কাঁচালঙ্কা রাখেন। যে দুয়ের মেলবন্ধন নিয়ে কেউ খুব একটা ভাবে না, তেমন এক যুগলবন্দি তৈরি করেছেন শ্রীদেবী-কন্যা।

ইয়োগার্ট ও লঙ্কা। ছবি: এআই সহায়তায় প্রণীত

আইসক্রিম ও ভাত

অভিনেত্রী মৃণাল ঠাকুর তাঁর এক বন্ধুকে ভাতের সঙ্গে আইস ক্রিম মেখে খেতে দেখেছিলেন। প্রথম দিকে তাঁরও অদ্ভুত লেগেছিল। কিন্তু তার পর নিজে এক বার চেখে দেখতে গিয়ে এই যুগলবন্দির প্রেমে পড়ে যান।

স্ট্রবেরি মিল্কশেক ও আলুভাজা

তারা সুতারিয়া তাঁর পছন্দের দু’টি খাবারকে একত্রে খেতে পছন্দ করেন। তাই ঠান্ডা স্ট্রবেরি মিল্কশেকের সঙ্গে মুচমুচে গরম আলুভাজা বা বলা ভাল, ফ্রেঞ্চ ফ্রাইজ় খেতে ভালবাসেন অভিনেত্রী।

পাউরুটি ও সোডাজাতীয় পানীয়

যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, সোডাজাতীয় ঠান্ডা পানীয়ে পাউরুটি ডুবিয়ে খেতে ভালবাসেন বরুণ ধওয়ান। এই দুয়ের মেলবন্ধন তাঁর কাছেও বেশ আজব, কিন্তু কালেভদ্রে এই খাবার তাঁর স্বাদকোরকে বড়ই সুমধুর ঠেকে।

আইস ক্রিম ও কেচআপ

ভুল করে এক বার ভ্যানিলা আইস ক্রিমের মধ্যে কেচআপ মিশিয়ে ফেলেছিলেন অভিনেত্রী নিমরত কৌর। কিন্তু শেষমেশ তা ফেলে না দিয়ে চেখে দেখেছিলেন তিনি। তার পর থেকেই এই জুটি তাঁর বড়ই প্রিয়।

এমন অদ্ভুত খাবারের মিশ্রণের নেপথ্যে স্বাদগ্রহণের জটিল প্রক্রিয়া কাজ করে। জিভের স্বাদগ্রাহী অংশ এবং নাক দিয়ে পাওয়া গন্ধ, এই দুয়ের মিলেই খাবারের স্বাদ অনুভব করা হয়। কখনও কখনও নোনতা ও মিষ্টি বা নরম ও মুচমুচে স্বাদের মিশ্রণ নতুন ধরনের স্বাদ তৈরি করে, যা অনেকের কাছেই বেশ আকর্ষণীয়। তাই অদ্ভুত মনে হলেও কিছু খাবারের মিশ্রণ সত্যিই সুস্বাদু হতে পারে। আবার ছোটবেলার স্মৃতি থেকেও তৈরি হয় এমন পছন্দ। খাবারের ক্ষেত্রে মানুষের স্বাদবোধ খুব ব্যক্তিগত বিষয়। কারও কাছে নোনতা ও মিষ্টির মিশ্রণ সুস্বাদু, কারও কাছে আবার তা অস্বস্তিকর। কিন্তু খাবার নিয়ে এমন পরীক্ষানিরীক্ষা অনেক ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যও উন্নত করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement