Holi Celebration

বাড়ির দেওয়ালে রং লাগিয়েছে খুদেরা? ৫ মিনিটেই কী ভাবে সাফ করবেন, রইল কিছু উপায়

পিচকারির ছোড়া রঙে বাইরের দেওয়ালও রঙিন হয়ে যেতে পারে। উৎসবের আবহে এ সব আটকানো বড়ই মুশকিল। মেঝের রং কোনও ভাবে পরিষ্কার করা গেলেও দেওয়ালের রং সাফ করা মোটেও সহজ নয়। জেনে নিন, দেওয়ালে লেগে থাকা রঙের দাগ তুলবেন কী ভাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৬:৩৩
Share:

ঘরের দেওয়ালে দোলের রং লাগলে কী ভাবে পরিষ্কার করবেন? ছবি: সংগৃহীত।

দোল খেলতে হবে বাড়ির বাইরে, ঘরে যেন একটুও রং না পড়ে! দোলের দিন যতই মায়েদের কড়া বকুনির ভয় থাকুক না কেন, অন্দরেও তার আঁচ এসে পড়বেই পড়বে। কোন ফাঁকে রং মেখে খুদেরা ঘরে ঢুকে পড়ছে তা কেউ বলতে পারে না। আবার পিচকারির ছোড়া রঙে বাইরের দেওয়ালও রঙিন হয়ে যেতে পারে। উৎসবের আবহে এ সব আটকানো বড়ই মুশকিল। মেঝের রং কোনও ভাবে পরিষ্কার করা গেলেও দেওয়ালের রং সাফ করা মোটেও সহজ নয়। জেনে নিন, দেওয়ালে লেগে থাকা রঙের ছিটে বা দাগ তুলবেন কী ভাবে।

Advertisement

১) ১ কাপ জলে বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। এ বার রঙের দাগ তুলতে একটি স্পঞ্জ ওই মিশ্রণে ডুবিয়ে নিন। তার পর স্পঞ্জটি আলতো হাতে দেওয়ালে ঘষে নিন। তাতেও দাগ ভাল ভাবে না উঠলে মিশ্রণে একটু তরল সাবান মিশিয়ে নিন।

২) দেওয়ালে খুব বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে দেওয়ালের রং ফিকে হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে এক বালতি গরম জলে বাসন মাজার তরল সাবান মেশান। এ বার একটি পরিষ্কার কাপড় এই জলে ভিজিয়ে ভাল করে নিঙড়ে নিন। তার পর ভেজা কাপড়টি দিয়ে দেওয়ালে লাগা দোলের রং সহজেই মুছে ফেলুন।

Advertisement

৩) রঙের ছিটে তুলতে কাজে আসতে পারে টুথপেস্ট। ব্রাশে পেস্ট লাগিয়ে আলতো হাতে আঁকিবুকির জায়গাটি ঘষে নিন। তার পর ভিজে তোয়ালে দিয়ে মুছে নিলেই ঝকঝকে হয়ে যাবে সাধের দেওয়াল। তবে এ ক্ষেত্রে জেল টুথপেস্ট ব্যবহার করবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement