Whatsapp Feature

গ্রুপে নতুন যোগ দিয়েও পুরনো চ্যাট পড়তে পারবেন, কী ভাবে? নতুন ফিচার আনছে হোয়াট্‌সঅ্যাপ

হোয়াট্‌সঅ্যাপের গ্রুপ চ্যাটে বড় বদল আসছে। এখন থেকে নতুন যোগ দেওয়া সদস্যেরাও চাইলে পুরনো চ্যাটগুলি পড়ে ফেলতে পারবেন। কী ভাবে পাওয়া যাবে এই সুবিধা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৯
Share:

গ্রুপের পুরনো চ্যাট পড়তে পারবেন নতুন সদস্যেরা, কী ভাবে? ছবি: ফ্রিপিক।

হোয়াট্‌সঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরও একটি বড় সুবিধা আসছে। কিছু দিন আগেই হোয়াট্‌সঅ্যাপে তথ্য চুরি ঠেকাতে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এসেছে মেটা। এ বার গ্রুপ চ্যাটেও বদল আসতে চলেছে। জানা গিয়েছে, গ্রুপে যোগ দেওয়া নতুন সদস্যেরা চাইলে পুরনো চ্যাটও পড়তে পারবেন। বর্তমানে হোয়াট্‌সঅ্যাপে কেউ গ্রুপে ঢুকলে শুধুমাত্র যোগ দেওয়ার পরের মেসেজগুলিই পড়তে পারেন। কিন্তু নতুন ফিচারে সেই সীমাবদ্ধতা অনেকটাই সরিয়ে নেওয়া হচ্ছে।

Advertisement

কী বদল আসছে?

হোয়াট্‌সঅ্যাপ ‘রিসেন্ট হিস্ট্রি শেয়ারিং’ নামে নতুন একটি ফিচার নিয়ে আসছে। এর মাধ্যমে কোনও গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে, তিনি আগের মেসেজগুলিও পড়ে ফেলতে পারবেন। তবে এ ক্ষেত্রেও কিছুটা সীমাবদ্ধতা থাকছে। নতুন সদস্যেরা গ্রুপে যোগ দেওয়ার ঠিক ১৪ দিন আগের চ্যাটগুলিই পড়তে পারবেন। সর্বাধিক ১০০টি মেসেজ পড়া যাবে। নতুন সদস্য কী কী চ্যাট পড়তে পারবেন তা ঠিক করবেন গ্রুপের অ্যাডমিন।

Advertisement

কী ভাবে এটি চালু করতে হবে?

আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াট্‌সঅ্যাপের আইওএস-এর টেস্টফ্লাইট বিটা ভার্সনে ফিচারটি নিয়ে পরীক্ষা চলছে। অ্যান্ড্রয়েডেও এটি চলে আসবে তাড়াতাড়ি। এই ফিচারটি অন করতে হবে অ্যাডমিনকে। সে জন্য আগে প্লে স্টোরে গিয়ে হোয়াট্‌সঅ্যাপ আপডেট করে নিতে হবে।

এর পরে গ্রুপের নামের উপরে ট্যাপ করে ‘গ্রুপ সেটিংস’-এ যেতে হবে।

সেখানে ‘রিসেন্ট হিস্ট্রি শেয়ারিং’ নামে একটি অপশন থাকবে। সেটি অন করে দিতে হবে।

ফিচারটি চালু হওয়ার পরেই গ্রুপে নোটিফিকেশন যাবে যে অ্যাডমিন হিস্ট্রি শেয়ারিং অপশন চালু করেছেন। এর পর যাঁরা সেই গ্রুপে যোগ দেবেন, তাঁরা আগের চ্যাটগুলি দেখতে পাবেন। তবে শুধু অ্যাডমিনই ঠিক করবেন যে নতুন সদস্যদের সুবিধাটি দেওয়া হবে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement