West Bengal Election District Wise Result

একাধিক জেলা তৃণমূল-শূন্য, অনেক জেলায় দল ‘আইসিইউ’য়ে! কোন জেলায় কতটা খারাপ ফল করল ঘাসফুল?

সোমবার প্রকাশিত রাজ্য বিধানসভা নির্বাচনের ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়েছে পদ্মশিবির। ধরাশায়ী হয়েছে তৃণমূল। পেয়েছে মোট ৮০টি আসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৮:০০
Share:
০১ ২৪

১৫ বছর টানা শাসনের পর বাংলায় তৃণমূল পতন হয়েছে। রাজ্যে গেরুয়া ঝড়। সোমবার প্রকাশিত রাজ্য বিধানসভা নির্বাচনের ২৯৩টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়েছে পদ্মশিবির। ধরাশায়ী হয়েছে তৃণমূল। পেয়েছে মোট ৮০টি আসন। অর্থাৎ, ২০২৬ সালে বিজেপি- তৃণমূলের জেতা আসনের সংখ্যা ২০২১ সালের ফলাফলের প্রায় উল্টো। কিন্তু ২০২৬-এর নির্বাচনে জেলাভিত্তিক ফলাফল কী হল? কোথায় কার দখলে ক’টি বিধানসভা কেন্দ্র? তার হিসাব রইল এই প্রতিবেদনে।

০২ ২৪

কোচবিহার: কোচবিহার জেলার ন’টি আসনের আটটিতেই জিতেছে বিজেপি। শুধুমাত্র সিতাই আসনে জয় হয়েছে তৃণমূলের। ২০২১ সালের নির্বাচনে বিজেপি সাতটি আসনে এবং তৃণমূল দু’টি আসনে জিতেছিল।

Advertisement
০৩ ২৪

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের পাঁচটি আসনের মধ্যে পাঁচটিতেই বিজেপি জিতেছে। ২০২১ সালের ফলাফলও একই ছিল। কোনও পরিবর্তন হয়নি।

০৪ ২৪

জলপাইগুড়ি: জলপাইগুড়িতে তৃণমূলের পতন পরিষ্কার। জলপাইগুড়ির সাতটি আসনের মধ্যে ২৬-এর নির্বাচনে সাতটিতেই জিতেছে বিজেপি। ২০২১ সালে ওই জেলার তিনটি আসন তৃণমূলের দখল ছিল। সেগুলি থেকে ক্ষমতা হারিয়েছে ঘাসফুল শিবির।

০৫ ২৪

কালিম্পং: কালিম্পং জেলায় একটিই আসন। ওই আসনে জিতেছে বিজেপির প্রার্থী ভরত কুমার ছেত্রী। ২০২১ সালে ওই বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন নির্দল প্রার্থী রুডেন সাদা লেপচা।

০৬ ২৪

দার্জিলিং: দার্জিলিঙেও ২০২১ এবং ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে কোনও পরিবর্তন নেই। গত বিধানসভা নির্বাচনের মতো জেলার পাঁচটি আসনের পাঁচটিতেই বিজেপি জিতেছে।

০৭ ২৪

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের ন’টি আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৭টিতে। বিজেপি দু’টিতে। ২৬-এর নির্বাচনে তৃণমূলের দু’টি আসন কমেছে। অন্য দিকে দু’টি আসন বেড়েছে বিজেপির।

০৮ ২৪

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরের ছ’টি আসনের মধ্যে ২০২১ সালে তৃণমূল এবং বিজেপির আসন ছিল ৩-৩। ২৬-এর নির্বাচনে তা হয়েছে ২-৪। অর্থাৎ, একটি আসন কমেছে ঘাসফুলের। বিজেপির একটি আসন বেড়েছে।

০৯ ২৪

মালদহ: মালদহের ১২টি আসনের ছ’টিতে জিতেছে বিজেপি। ছ’টিতে তৃণমূল। ২০২১ সালের আটটি আসনে জিতেছিল তৃণমূল। বিজেপি জিতেছিল ৪টি আসনে।

১০ ২৪

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে মোট ২২টি বিধানসভা কেন্দ্র। এত দিন এর ২০টি ছিল তৃণমূলের দখলে। দু’টি বিজেপি। এ বার সেখানে তৃণমূল নেমে এসেছে ৯টি আসনে। কংগ্রেস এবং হুমায়ুন কবীরের এজেইউপি দু’টি করে আসন পেয়েছে। সিপিএম পেয়েছে একটি আসন। বাকি সব আসনেই জিতেছে বিজেপি।

১১ ২৪

নদিয়া: নদিয়ার ১৭টি বিধানসভা আসনের মধ্যে ১৪টি জিতেছে বিজেপি। তিনটি আসনে জিতেছে তৃণমূল। গত বিধানসভা নির্বাচনে এই জেলায় তৃণমূল এবং বিজেপি জিতেছিল যথাক্রমে ৮টি এবং ৯টি আসন।

১২ ২৪

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা জেলায় বিধানসভা কেন্দ্রের সংখ্যা ৩৩। এর মধ্যে ২১-এর ভোটে তৃণমূল ২৮টি আসনে জিতেছিল। বিজেপি জিতেছিল পাঁচটি আসনে। এ বার হিসাব উল্টে গিয়েছে। ২৩টি আসনে জিতেছে বিজেপি। তৃণমূল জিতেছে ১০টি আসনে।

১৩ ২৪

দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনাতে তৃণমূলের অবস্থা অপেক্ষাকৃত ভাবে কম শোচনীয়। ২০২১ সালের নির্বাচনে এই জেলার ৩১টি আসনের ৩০টিতেই জিতেছিল তৃণমূল। ভাঙড় কেন্দ্রে জিতেছিলেন আইএসএফের নওশাদ সিদ্দিকি। ২০২৬ সালেও নিজের আসন রক্ষা করেছেন নওশাদ। ফলতায় নির্বাচন এখনও বাকি। বাকি ২৯ আসনের মধ্যে তৃণমূল ১৯টি এবং বিজেপি ১০টি আসনে জিতেছে।

১৪ ২৪

কলকাতা: ২০২১ সালে কলকাতার ১১টি আসনেই তৃণমূল জিতেছিল। কিন্তু এ বার তৃণমূল দুর্গের পতন হয়েছে। ভবানীপুর থেকে হেরেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ১১টির মধ্যে ছ’টিতে জিতেছে বিজেপি। তৃণমূল জিতেছে পাঁচটি আসনে। কলকাতায় হেরে গিয়েছেন শশী পাঁজা, দেবাশিস কুমারের মতো তৃণমূলের হেভিওয়েটরা।

১৫ ২৪

হাওড়া: হাওড়ার ১৬টি আসনের মধ্যে ৯টি আসনে জিতেছে তৃণমূল। বাকি ৭টিতে বিজেপি জিতেছে। গত বার ১৬টি আসনই ছিল তৃণমূলের। শহর এবং গ্রামে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট-রাজের অভিযোগ উঠেছে।

১৬ ২৪

হুগলি: হুগলি জেলায় ১৮ আসনের ধনেখালি এবং চণ্ডীতলা— মাত্র দু’টি আসনে জিতেছে তৃণমূল। বাকি ১৬টিতে জিতেছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে ১৪টি আসনে জিতেছিল তৃণমূল। বিজেপি চারটিতে।

১৭ ২৪

পূর্ব মেদিনীপুর: ২০২৬-এর নির্বাচনে পূর্ব মেদিনীপুর তৃণমূল শূন্য। ১৬টি আসনের ১৬টিতেই বিজেপি জিতেছে। ’২১-এর বিধানসভা নির্বাচনে এর মধ্যে ৯টি আসনে তৃণমূল জিতেছিল। বাকিগুলিতে বিজেপি।

১৮ ২৪

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ১৫টি আসনের মধ্যে ১৩টিতে ২০২১ সালে জিতেছিল তৃণমূল। দু’টিতে জেতে বিজেপি। এ বার হিসাব সেই ১৩-২ আছে। তবে এ বার ১৩টিতে বিজেপি, দু’টিতে তৃণমূল। সবংয়ে মানস ভুঁইয়া, ডেবরায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েটরা হেরে গিয়েছেন।

১৯ ২৪

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে চারটি আসনের চারটিতেই তৃণমূল হেরেছে। জিতেছে বিজেপি। গত বিধানসভা ভোটে এই হিসাব ছিল একেবারে উল্টো।

২০ ২৪

পুরুলিয়া: পুরুলিয়ায় ন’টি বিধানসভা কেন্দ্রের তিনটিতে গত বিধানসভা নির্বাচনে জিতেছিল তৃণমূল। এ বার সেই তিন আসন হারিয়ে ঘাসফুল জেলায় শূন্য। ন’টি আসনেই জিতে গিয়েছে গেরুয়া শিবির।

২১ ২৪

বাঁকুড়া: বাঁকুড়াতেও তৃণমূলের অবস্থা শোচনীয়। ১২টি আসনের একটিতে জিতেছে তৃণমূল, বিজেপি ১১টিতে। ২০২১ সালে ১২টির চারটিতে তৃণমূল জিতেছিল।

২২ ২৪

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানে ২০২১-এ ১৬টি আসনেই জিতেছিল তৃণমূল। এ বার তারা পেয়েছে দু’টি। বাকি ১৪টি জিতেছে বিজেপি। বিজেপির দাবি, বর্ধিত ভাতার প্রকল্প ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর কথা তারা প্রচার করেছিল। মহিলারা তাতে আস্থা রেখেছেন।

২৩ ২৪

পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানও তৃণমূল-শূন্য। ন’টি আসনের ন’টিতেই হেরেছে তৃণমূল। সব ক’টিতে জিতেছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপির আসনসংখ্যা ছিল যথাক্রমে ছ’টি এবং তিনটি।

২৪ ২৪

বীরভূম: অনুব্রত মণ্ডলের জেলা বীরভূমে ১১টি আসনের মধ্যে বিজেপি এ বার জিতেছে ছ’টিতে। তৃণমূল পাঁচটিতে। গত বার ফল ছিল তৃণমূলের পক্ষে ১০-১। বিজেপির ধারণা, তৃণমূলের মহিলা এবং সংখ্যালঘু ভোট-ব্যাঙ্কে ভাঙন ধরাতে পেরেছে তারা।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement