লাউয়ের ডালনার রেসিপি। ছবি: এআই সহায়তায় তৈরি।
গরমের সময়ে বাঙালির হেঁশেলে লাউয়ের বড় কদর। জলে ভরা সব্জি পেট ঠান্ডা রাখে। তার উপর লাউ দিয়ে নানা রকমের রান্না করা যায়। তা সে ডাল হোক বা ডালনা। তাই সপ্তাহান্তের ছুটিতে বাড়িতে বানিয়ে নিন লাউয়ের সুস্বাদু ও সুঘ্রাণে ভরা রান্না। এই পদে লাউয়ের পাশাপাশি মুখ্য চরিত্রে থাকে দুধ এবং ঘি-ও। এই রান্নার জন্য কী কী প্রয়োজন, কী ভাবে বানাবেন, জেনে নিন নীচে দেওয়া রেসিপিতে।
উপকরণ
৫০০ গ্রাম কুচোনো লাউ
২ টেবিল চামচ ঘি
১০টি গোলমরিচ দানা
৮টি লবঙ্গ
এক চিমটে দারচিনি (ভাঙা)
আধ চা চামচ মেথি দানা
১ চা চামচ গোটা জিরে
২টি কালো এলাচ
৬-৭টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন
১ চা চামচ চিনি
আধ কাপ দুধ
প্রণালী
কড়াইয়ে ঘি গরম করে তাতে মেথি, জিরে, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি এবং কালো এলাচ নাড়াচাড়া করে নিন। রং গাঢ় হয়ে এলে তাতে কাঁচালঙ্কা চিরে দিয়ে দিন।
এ বার কুচোনো লাউ এবং নুন দিয়ে দিন তাতে। লাউ যাতে ভাল ভাবে ঘিয়ে মাখামাখি হয়ে যায়, তার জন্য নাড়াচাড়া করতে হবে। এই সময়ে আঁচ বাড়িয়ে রাখতে হবে।
তার পর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। লাউ নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে।
এর পর এতে চিনি আর দুধ মিশিয়ে দিন। মাঝারি আঁচে ভাল করে রেখে রান্না করতে হবে, যাতে অতিরিক্ত জল জল ভাব না থাকে। এই পদ সকলে মাখা মাখা ভালবাসেন।
রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে উপর থেকে ধনেপাতাকুচিও ছড়িয়ে দিতে পারেন।