Lunar Eclipse 2026

দোলের সন্ধ্যায় চন্দ্রগ্রহণ! কেমন দেখবে কলকাতা-সহ রাজ্য? এর পর পূর্ণগ্রাস গ্রহণ কবে দেখা যাবে ভারত থেকে?

মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টা ধরে চলবে গ্রহণ। কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই মহাজাগতিক পর্ব। কেমন দেখা যাবে এ রাজ্যের আকাশ থেকে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৮:৫৮
Share:

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার আকাশ থেকে দেখা যাবে লাল চাঁদ। — প্রতীকী চিত্র।

দোল পূর্ণিমার সন্ধ্যায় কলকাতা-সহ রাজ্যের আকাশে চাঁদ বাকি পাঁচটা দিনের তুলনায় একটু অন্য রকম দেখাবে। দেখা যাবে লালচে চাঁদ। তবে কলকাতা থেকে পুরোপুরি রক্তিম দেখাবে না চাঁদকে। মিশেল থাকবে লাল এবং হলুদ উভয় রঙেরই। সন্ধ্যায় যখন চাঁদ উঠবে, তখনই দেখা যাবে লাল চাঁদ। সঙ্গে থাকবে আবছা হলুদ ভাবও। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের আকাশ থেকে ৯১ শতাংশ লাল দেখাবে চাঁদকে। হলদে ভাব থাকবে ৯ শতাংশ।

Advertisement

মঙ্গলবার রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে কলকাতা বা পশ্চিমবঙ্গের আকাশ থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে না। এখানে চাঁদ ওঠার আগেই পূর্ণগ্রাস হয়ে যাবে। তবে গ্রহণ দেখা থেকে একেবারে বঞ্চিত থাকবেন না পশ্চিমবঙ্গবাসী। পূর্ণগ্রাস গ্রহণ দেখতে না-পেলেও ‘ব্লাড মুন’ (রক্ত চাঁদ) দেখা যাবে এ রাজ্যের আকাশেও। পূর্ণগ্রাস শেষ হয়ে যাবে বিকেল ৫টা ৩৩ মিনিটে। আর পশ্চিমবঙ্গে চাঁদ উঠবে বিকেল ৫টা ৩৮ মিনিট থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে। পুরো চাঁদ উঠতে লাগবে প্রায় দেড় মিনিট।

ওই সময়ে কলকাতা-সহ রাজ্যের আকাশ থেকে চাঁদকে ৯১ শতাংশ লাল দেখাবে। তার পরে ধীরে ধীরে লালচে ভাব কমবে। আবছা হলদে থেকে উজ্জ্বল হলদে হতে থাকবে চাঁদ। পূর্ণগ্রাস গ্রহণের সম্পূর্ণ পর্ব শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে। তার পর আবার উজ্জ্বল হলুদ রঙেরই দেখাবে চাঁদকে।

Advertisement

মঙ্গলবারের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের একেবারে অল্প কিছু জায়গা থেকেই দেখা যাবে। পূর্ব ভারতের কিছু এলাকা থেকে সম্পূর্ণ পূর্ণগ্রাসের সাক্ষী থাকা যাবে। যেমন অসমের তিনসুকিয়া, ডিগবয়ে চাঁদ উঠবে বিকেল ৫টা ১৩ মিনিটে। অর্থাৎ, পূর্ণগ্রাস শেষ হওয়ার আগেই সেখানে চাঁদ উঠে যাবে। ফলে ওই এলাকাগুলি থেকে পূর্ণগ্রাস গ্রহণ দেখার সম্ভাবনা বেশি। তবে রাজস্থান, গুজরাতের মতো পশ্চিমের রাজ্যগুলিতে পূর্ণগ্রাস দেখার সম্ভাবনা নেই।

এর পরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে দু’বছর পরে। ২০২৮ সালের জুলাইয়ের আগে আর কোনও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না ভারত থেকে। মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টা ধরে চলবে গ্রহণ। সন্ধ্যা ৬টা ৪০ পর্যন্ত চলবে প্রচ্ছায়া। তখন মলিন দেখাবে চাঁদকে। এর পরে সন্ধ্যা ৬টা ৪৭ নাগাদ প্রচ্ছায়া থেকে বেরিয়ে যাবে চাঁদ। তার পরে ধীরে ধীরে চাঁদের একটা দিক উজ্জ্বল হতে থাকবে। শেষে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আবার উজ্জ্বল হয়ে উঠবে চাঁদ।

চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তার পরেই তাকে দেখা যায়। পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং হয় লাল। সে কারণে তাকে ‘রক্ত চাঁদ’ (ব্লাড মুন)-ও বলা হয়ে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement