Hashmatullah Shahidi Reprimanded

ভারতের বিরুদ্ধে শতরানের পথে বার বার নিয়মভঙ্গ! শোনেননি আম্পায়ারের সতর্কবার্তাও, শাস্তি পেলেন আফগান অধিনায়ক

বার বার সতর্ক করছিলেন আম্পায়ারেরা। কিন্তু তার পরেও বার বার একই দোষ করেছেন আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি। তাই শাস্তি পেতে হয়েছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ১৬:১২
Share:

চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে শতরানের পর উল্লাস হাসমাতুল্লা শাহিদির। ছবি: পিটিআই।

শতরানের ইনিংস খেলেও শাস্তি পেলেন হাসমাতুল্লা শাহিদি। ভারতের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচে ব্যাট করার সময় তাঁকে বার বার সতর্ক করছিলেন আম্পায়ারেরা। কিন্তু তার পরেও বার বার একই দোষ করেছেন আফগানিস্তানের অধিনায়ক। তাই শাস্তি পেতে হয়েছে তাঁকে।

Advertisement

আইসিসির বিচার লেভেল-১ অপরাধ করেছেন শাহিদি। তাঁকে আইসিসির ২.১০.১০ ধারায় শাস্তি দেওয়া হয়েছে। কোনও ব্যাটার ইচ্ছাকৃত ভাবে বার বার পিচ খারাপ করার চেষ্টা করলে এই ধারায় শাস্তি দেওয়া হয় তাঁকে। নিজের দোষ স্বীকার করেছেন শাহিদি। ফলে ম্যাচ রেফারি রঞ্জন মধুগলের রিপোর্ট অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি তাঁকে একটি ডি-মেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

কী অপরাধ করেছিলেন শাহিদি?

Advertisement

আফগানিস্তানের ইনিংস চলাকালীন বার বার পিচের মাঝ বরাবর দৌড়াচ্ছিলেন শাহিদি। ক্রিকেটে পিচের এই অঞ্চলে কোনও ব্যাটার, বোলার বা ফিল্ডার পা রাখতে পারেন না। যাতে কোনও ভাবেই পিচ খারাপ না হয় সে দিকে নজর থাকা আম্পায়ারদের। সেই অঞ্চলে পা রাখলে সেই ক্রিকেটারকে সতর্ক করা হয়। বার বার একই অপরাধ করলে শাস্তি পেতে হয় তাঁকে।

শাহিদিকেও প্রথমে দু’বার সতর্ক করেন আম্পায়ারেরা। ৪০তম ওভারে তৃতীয় বার একই অপরাধ করলে পেনাল্টি হিসাবে ভারতকে ৫ রান দেওয়া হয়। তবে সেখানেই থেমে থাকেনি আইসিসি। শাস্তি দেওয়া হয়েছে শাহিদিকে।

চেন্নাইয়ে তৃতীয় এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৪.২ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। শাহিদি ১৩১ বলে ১০২ রান করেন। মাত্র ২৮.৪ ওভারে ১ উইকেট হারিয়ে রান তাড়া করে জিতে যায় ভারত। ৮৬ বলে অপরাজিত ১১০ রান করেন যশস্বী জয়সওয়াল। ৬৯ বলে ৭৯ রান করেন রোহিত শর্মা। ৯ উইকেটে জিতে সিরিজ় চুনকাম করে শুভমন গিলের ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement