Shapoor Zadran

দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই জ়াদরানের, প্রাক্তন আফগান ক্রিকেটারের জন্য জরুরি ভিত্তিতে রক্ত চাইলেন ভাই

আফগানিস্তানের প্রাক্তন জোরে বোলার শাপুর জ়াদরান বিরল হেমোফাগোসাইটিক লিম্ফোহিস্টিয়োসাইটোসিস রোগে আক্রান্ত। গত জানুয়ারি থেকে তিনি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৭:১৫
Share:

শাপুর জ়াদরান। —ফাইল চিত্র।

সঙ্কটজনক অবস্থায় দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন আফগানিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাপুর জ়াদরান। তাঁকে জরুরি ভিত্তিতে কয়েক বোতল রক্ত দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আফগান ক্রিকেটারের ভাই ঘামাই জ়াদরান সমাজমাধ্যমে এক আবেগঘন পোস্টে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে রক্ত দেওয়ার আবেদন জানিয়েছেন।

Advertisement

আফগানিস্তানের প্রাক্তন বাঁহাতি জোরে বোলার বিরল হেমোফাগোসাইটিক লিম্ফোহিস্টিয়োসাইটোসিস বা এইচএলএইচ রোগে আক্রান্ত। গত জানুয়ারি থেকে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। এই রোগে এমনিতেই বাঁচার আশা কম। জ়াদরান রয়েছেন রোগের চতুর্থ পর্যায়ে। ফলে তাঁর জীবনের ঝুঁকি অত্যন্ত বেশি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সমাজমাধ্যমের পোস্টে ঘামাই লিখেছেন, ‘‘আমার দাদা শাপুর জ়াদরান দেশের অন্যতম জাতীয় নায়ক। তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক। আপনারা আমাদের জাতীয় নায়কের জন্য প্রার্থনা করুন। আমরা সকলে লড়াই করছি। তিনি বেশ সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। দ্রুত রক্তের প্রয়োজন। দিল্লিতে যদি আমাদের কোনও বন্ধু বসবাস করেন, তা হলে দয়া করে এগিয়ে আসুন। এ পজ়িটিভ গ্রুপের রক্ত প্রয়োজন। দয়া করে দ্বিধা না করে আমাদের জাতীয় নায়কের জীবন বাঁচাতে এগিয়ে আসুন।’’ ঘামাইয়ের এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। জ়াদরানের গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অঙ্গ ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। ত্বকেও সংক্রমণ ছড়িয়েছে।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৯ সালে অভিষেক হয় জ়াদরানের। সেই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছিল আফগানিস্তান। প্রায় এক দশক ব্যাপী ক্রিকেটজীবনে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জ়াদরান। তার মধ্যে ৪৪টি এক দিনের ম্যাচ এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ। এক দিনের ক্রিকেটে ৪৩টি এবং টি-টোয়েন্টিতে ৩৭টি উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement