শাহরুখ খান। —ফাইল চিত্র।
জল্পনার অবসান। আসন্ন আইপিএলের জন্য অধিনায়কের নাম জানিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। পরীক্ষা-নিরীক্ষার পথে না হেঁটে দলের এক অভিজ্ঞ ক্রিকেটারের হাতে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্ব।
অধিনায়ক বদল করল না কেকেআর। গত বছর নেতৃত্ব দেওয়া অজিঙ্ক রাহানের উপরই ভরসা রাখলেন কেকেআর কর্তৃপক্ষ। মঙ্গলবার সমাজমাধ্যমে রাহানের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে। গত বার আইপিএলে প্রত্যাশিত ফল করতে পারেননি ২০২৪ সালের চ্যাম্পিয়নেরা। ব্যর্থতার পর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের চুক্তি বৃদ্ধি করা হয়নি। রাখা হয়নি গত বারের সহ-অধিনায়ক বেঙ্কটেশ আয়ারকেও। বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করা হয়েছে। মনে করা হয়েছিল, নেতৃত্বেও বদল আনতে পারেন কেকেআর কর্তৃপক্ষ।
বর্তমান ভারতীয় দলের আকাশদীপ, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিংহের মতো ক্রিকেটার রয়েছেন কেকেআর শিবিরে। দলে রয়েছেন সুনীল নারাইন, ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েলের মতো অভিজ্ঞ বিদেশি ক্রিকেটারেরাও। কেকেআর কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাননি। কোচ অভিষেক নায়ারের পরামর্শে রাহানেকেই অধিনায়ক রেখে দেওয়া হল।
ভারতীয় দলে রাহানে এখন আর সুযোগ না পেলেও মুম্বইয়ের হয়ে নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলেন। গত বছর আইপিএলে ব্যাট হাতে সাফল্যও পেয়েছিলেন।