ঋষভ পন্থ। —ফাইল চিত্র।
সূর্যকুমার যাদবের পাশাপাশি চাপে রয়েছেন ঋষভ পন্থ। আইপিএলে পর পর দুই মরসুমে ব্যর্থ অধিনায়ক পন্থ। তার খেসারত দিতে হতে পারে তাঁকে। ভারতের টেস্ট দলেও চাকরি খোয়াতে পারেন পন্থ।
আইপিএলে ২৭ কোটি টাকায় পন্থকে কিনে তাঁকে অধিনায়ক করেছিলেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েন্কা। দুই মরসুমেই ব্যর্থ পন্থ। দলকে প্লে-অফে তুলতে পারেননি তিনি। ব্যাট হাতেও ব্যর্থ পন্থ। আইপিএলে অধিনায়কত্ব যেতে পারে তাঁর। পন্থকে নিয়ে অন্য ভাবনা রয়েছে ভারতীয় দলেরও।
ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক পন্থ। যে ভাবে আইপিএলে অধিনায়কত্বের চাপে পন্থের খেলা খারাপ হয়েছে, ভারতের টেস্ট দলেও সেটা হোক, চাইছে না বোর্ড। তাই কড়া সিদ্ধান্ত নিতে পারে তারা। মঙ্গলবার গুয়াহাটিতে বোর্ডের বৈঠক রয়েছে। সচিব দেবজিৎ শইকীয়া, প্রধান নির্বাচক অজিত আগরকর-সহ নির্বাচক কমিটি ও প্রধান কোচ গৌতম গম্ভীর উপস্থিত থাকবেন সেই বৈঠকে। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্টের দল নির্বাচন হবে সেখানে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে, পন্থকে টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
সংবাদসংস্থা পিটিআই-কে বোর্ডের এক সূত্র জানিয়েছে, ব্যাটার পন্থকে দলের বেশি দরকার। সেই সূত্র বলেছে, “ঋষভের মতো ম্যাচ জেতানো ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেটের দরকার। ওর আগ্রাসী ব্যাটিং আমাদের অনেক টেস্ট জিতিয়েছে। দেখা যাচ্ছে, ব্যাটিংয়ের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দিলে ঋষভ চাপে পড়ে যায়। তার প্রভাব ওর ব্যাটিংয়ের পড়ে। সেটা বোর্ড চাইছে না।”
পন্থকে সহ-অধিনায়কের পদ থেকে সরালে অনেক ফুরফুরে মেজাজে খেলতে পারবেন তিনি। সেটাই চাইছে বোর্ড। ওই সূত্র বলেছে, “ঋষভকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলে ওর উপর আলাদা কোনও চাপ থাকবে না। সে ক্ষেত্রে নিজের স্বাভাবিক খেলা ও খেলতে পারবে। ফুরফুরে মেজাজে খেলতে পারবে। আমরা সেটাই চাইছি।”
আইপিএলের মতো ভারতের টেস্ট দলেও দায়িত্ব সামলাতে সমস্যায় পড়েছেন পন্থ। গত বছর নভেম্বর মাসে শুভমন গিল চোটে থাকায় গুয়াহাটি টেস্টে অধিনায়কত্ব করেছিলেন পন্থ। সমস্যা হয়েছিল তাঁর। হেরেছিল ভারত। ব্যাটে-বলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাঁড়াতে পারেনি ভারত। ফলে পন্থের উপর আর ভরসা রাখতে পারছেন না নির্বাচকেরা।
ভারতীয় দলে সহ-অধিনায়কের দায়িত্ব সামলানোর মতো ক্রিকেটারের অভাব নেই। লোকেশ রাহুলের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে নিয়মিত খেলেন। রয়েছেন জসপ্রীত বুমরাহও। সুতরাং শুভমন গিলের ডেপুটি বাছতে সমস্যা হওয়ার কথা নয়। সেই কারণেই পন্থের উপর অতিরিক্ত চাপ দিতে চাইছে না বোর্ড। তবে তার আগে কোচ গম্ভীরের সঙ্গে আলোচনা সেরে ফেলতে চাইছেন কর্তারা।