আয়ুষ মাত্রে। ছবি: পিটিআই।
আইপিএলের মাঝে ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করার সময় আয়ুষ মাত্রের হ্যামস্ট্রিংয়ে টান ধরে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে ১৮ বছরের ব্যাটারকে।
ভাল ফর্মে রয়েছেন মাত্রে। হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে ইমপ্যাক্ট সাব হিসাবে তিন নম্বরে ব্যাট করতে নামিয়ে ছিল চেন্নাই। ঈশান কিশনের দলের বিরুদ্ধে ১৩ বলে ৩০ রানের আগ্রাসী ইনিংস খেললেও দলের উদ্বেগ বাড়িয়েছেন তিনি। দৌড়ে ২ রান নেওয়ার সময় তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে। ফিজিয়োর কাছে প্রাথমিক শুশ্রূষা নিয়ে ব্যাটিং করলেও ইনিংস টানতে পারেননি। তাঁর নড়াচড়ার মধ্যে অস্বস্তির ছাপ স্পষ্ট ছিল।
মাত্রের চোট নিয়ে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি ম্যাচের পর বলেছেন, ‘‘মাত্রের হ্যামস্ট্রিংয়ে ভাল টান ধরেছিল। চোট কতটা গুরুতর এখনই বলা সম্ভব নয়। স্ক্যান করানোর পর বোঝা যাবে। রবিবার অথবা সোমবার স্ক্যান করানো হবে। প্রাথমিক ভাবে বেশ খারাপই মনে হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক। মাত্রে খেলতে না পারলে আমাদের বড় ক্ষতি। খুব ভাল ফর্মে ছিল।’’
মাত্রে খেলতে না পারলে কতটা সমস্যায় পড়বে চেন্নাই? হাসি বলেছেন, ‘‘মাত্রে দুর্দান্ত তরুণ প্রতিভা। এখন অন্য কেউ সুযোগ পাবে। এটাও আকর্ষণীয় হবে। আমাদের হাতে কয়েক জন ভাল ক্রিকেটার রয়েছে। তাদের সুযোগ দেওয়া সম্ভব হয়নি। ওদের জন্য একটা সুযোগ তৈরি হল। মাত্রের জন্য খুবই খারাপ লাগছে। জানি না, ওকে কত দিন মাঠের বাইরে থাকতে হবে। আশা করব, অন্যরা মাত্রের জায়গা নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে।’’
এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ছ’টি ম্যাচে ২০১ রান করেছেন মাত্রে। তাঁর স্ট্রাইক রেট ১৭৭.৮৭। ১৮ বছরের ব্যাটারের ব্যাট থেকে এসেছে দু’টি শতরান। চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।