Mustafizur Rahman

আইপিএল, বিশ্বকাপে সুযোগ না পাওয়া মুস্তাফিজ়ুরের হাতে ট্রফি! চ্যাম্পিয়ন হয়ে এক শব্দে জবাব বাংলাদেশি পেসারের

আইপিএলে দল পাওয়ার পরেও খেলা হবে না তাঁর। বিশ্বকাপেও খেলার সুযোগ পাননি মুস্তাফিজ়ুর রহমান। বাংলাদেশের লিগে নেমে দলকে চ্যাম্পিয়ন করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৮
Share:

মুস্তাফিজ়ুর রহমান। —ফাইল চিত্র।

যে সুযোগ পেয়েছেন, সেটাই কাজে লাগিয়েছেন মুস্তাফিজ়ুর রহমান। মার্চ মাসে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার কথা ছিল তাঁর। কিন্তু তা হবে না। আইপিএল থেকে বাদ পড়েছেন। সেই ঘটনার রেশ ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। ফলে সেখানেও খেলা হবে না তাঁর। কিন্তু মাঠে নেমে মুস্তাফিজ়ুর দেখালেন, এখনও একার কাঁধে ম্যাচ জেতাতে পারেন তিনি। দলকে চ্যাম্পিয়ন করে এক শব্দে জবাব দিলেন বাংলাদেশের পেসার।

Advertisement

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরে ‘অদম্য বাংলাদেশ টি২০ লিগ’ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে ফাইনালে মুস্তাফিজ়ুরের ধুমকেতু একাদশ জিতেছে। তারা হারিয়েছে দুর্বার একাদশকে। শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। তা হতে দেননি মুস্তাফিজ়ুর। ৭ রানে জিতেছে ধুমকেতু।

খেলা জেতার পর ট্রফি নিয়ে নিজের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন মুস্তাফিজ়ুর। ক্যাপশনে লেখেন, “আলহামদুলিল্লাহ”। বাংলায় তার অর্থ, “ঈশ্বরকে ধন্যবাদ।” মুস্তাফিজ়ুরের কথা থেকে স্পষ্ট, এই জয়ের কৃতিত্ব ঈশ্বরকেই দিয়েছেন তিনি।

Advertisement

আইপিএল থেকে বাদ পড়ার পর মুস্তাফিজ়ুর ক্ষোভ প্রকাশ করেননি। বলেছিলেন, “ওরা যদি আমাকে বাদ দিয়ে দেয়, তা হলে আমার তো কিছু করার নেই।” এ বারও দলকে চ্যাম্পিয়ন করার কৃতিত্ব নিজের ঘাড়ে নিলেন না তিনি। মুস্তাফিজ়ুর বোঝাতে চেয়েছেন, জীবনে যা কিছু সাফল্য বা ব্যর্থতা সবই ঈশ্বরের ইচ্ছায় হয়। তাতে তাঁর কোনও ভূমিকা নেই।

আইপিএলে খেলার সুযোগ না পেলেও মার্চ মাসে লিগ খেলতে যাবে মুস্তাফিজ়ুর। পাকিস্তান সুপার লিগে গত বারের চ্যাম্পিয়ন দল লাহৌর কলন্দর্স তাঁকে কিনেছে। এর আগেও এই দলের হয়ে খেলেছেন মুস্তাফিজ়ুর। তবে আর্থিক ক্ষতি হয়েছে তাঁর। কেকেআর তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছিল। সেখানে পাকিস্তানের লিগে ২ কোটি টাকা পাবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement