লোকেশ রাহুল। —ফাইল চিত্র।
গত বার দিল্লি ক্যাপিটালসের হয়ে শুরুতে ফিনিশারের ভূমিকায় দেখা যাচ্ছিল লোকেশ রাহুলকে। কিন্তু পরে বাধ্য হয়ে ওপেনিংয়ে নামাতে হয়েছিল তাঁকে। এ বার শুরু থেকেই সেই ভূমিকায় দেখা যাবে রাহুলকে। দলকে ভাল শুরু দেওয়ার দায়িত্ব থাকবে ভারতীয় ব্যাটারের উপর।
গত বার শুরুতে দিল্লির হয়ে ওপেন করছিলেন জেক ফ্রেজ়ার ম্যাকগার্ক ও ফাফ ডু’প্লেসি। কিন্তু ম্যাকগার্ক ফর্মে না থাকায় তাঁকে পুরো মরসুম খেলানো যায়নি। পরে অভিষেক পোড়েলকে ওপেনিংয়ে আনা হয়। তিনি ভাল খেলেন। নিজের জায়গা পাকা করেন। শেষ দিকে রাহুলকেও ওপেনিংয়ে নিয়ে আসা হয়।
গত মরসুমে ১১টি ম্যাচে চার নম্বরে নেমেছিলেন রাহুল। পুরনো দল লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লিকে জিতিয়েছিলেন। কিন্তু ওপেনিংয়ে ফেরার পর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬৫ বলে ১১২ রান করেছিলেন তিনি। তার পর থেকে ওপেনার হিসাবেই খেলেছেন রাহুল। গত মরসুমে ১৪৯.৭২ স্ট্রাইক রেটে ১৩ ম্যাচে ৫৩৯ রান করেছিলেন রাহুল, যা দিল্লির ব্যাটারদের মধ্যে সর্বাধিক।
এ বারের আইপিএলের আগে দিল্লি বেশ কয়েকটি প্রস্তুতি শিবির করেছে। সেখানে প্রধান কোচ হেমং বাদানি ও ডিরেক্টর অফ ক্রিকেট বেণুগোপাল রাও উপস্থিত ছিলেন। সেখানেই বোঝা গিয়েছে, রাহুলকে ওপেনার হিসাবে ভাবছেন তাঁরা।
এ বারের আইপিএলের আগে ম্যাকগার্ক ও ডু’প্লেসিকে ছেড়ে দিয়েছে দিল্লি। বিদেশি ওপেনার হিসাবে বেন ডাকেট রয়েছেন। তবে তাঁর খেলার সম্ভাবনা কম। অভিষেককে ধরে রেখে দিল্লি বুঝিয়ে দিয়েছে, বাংলার ক্রিকেটারকে ওপেনার হিসাবে খেলানো হবে। সেই সঙ্গে থাকবেন রাহুল। তরুণ ও অভিজ্ঞ জুটির কাঁধে শুরুটা ভাল করতে চাইছে দিল্লি।