Indian Cricket team

কোহলিকে রেখেই এক দিনের দল ভারতের, পাস করতে হবে ফিটনেস পরীক্ষায়, দলে ফিরলেন বুমরাহ, টি২০-তে নেই বরুণ

শর্তসাপেক্ষে এক দিনের দলে রাখা হল বিরাট কোহলিকে। আইপিএলের সময় চোট পেয়েছিলেন। ইংল্যান্ড সফরের দলে থাকতে হলে তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। সোমবার ভারতে ফেরার কথা কোহলির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৪:২৩
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

ইংল্যান্ড সফরের এক দিনের সিরিজ়ের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অজিত আগরকরেরা বিরাট কোহলিকে দলে রেখেছেন। তবে তাঁকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। চোটের জন্য টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গিয়েছেন বরুণ চক্রবর্তী।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাহকে। ইংল্যান্ড সফরের দলে বিশ্বের অন্যতম সেরা জোরে বোলারকে রেখেছেন নির্বাচকেরা। নির্বাচিত দলে বড় কোনও চমক নেই। আফগানিস্তানের বিরুদ্ধে ভাল পারফর্ম করা গুরনুর ব্রার সুযোগ পেয়েছেন ইংল্যান্ড সফরের দলেও। তবে এ বার সুযোগ হল না যশস্বী জয়সওয়ালের। শনিবারই আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে শতরান করেছেন যশস্বী।

আইপিএলের পর সপরিবারে লন্ডনে চলে গিয়েছেন কোহলি। সেখানেই চোট সারিয়ে রিহ্যাব করেছেন। সোমবার তাঁর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যাওয়ার কথা। বিসিসিআইয়ের মেডিক্যাল স্টাফেরা তাঁর ফিটনেস পরীক্ষা নেবেন। ফল সন্তোষজনক হলে তবেই ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবেন কোহলি। চোট না সারায় হার্দিক পাণ্ড্য খেলতে পারবেন না, আগেই জানা গিয়েছিল। তাঁর পরিবর্ত হিসাবে শুভমন গিলের নেতৃত্বাধীন ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন নীতীশ রেড্ডি।

Advertisement

ই‌ংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ ১৪ জুলাই এজবাস্টনে। দ্বিতীয় ম্যাচ ১৬ জুলাই কার্ডিফে। তৃতীয় ম্যাচ ১৯ জুলাই লর্ডসে। অন্য দিকে, পায়ের চোট না সারায় আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ। বাকি দল অপরিবর্তিত রয়েছে।

ভারতের এক দিনের দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিশন (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ এবং গুরনুর ব্রার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement