আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
আসন্ন আইপিএলে বল পরিবর্তনের নিয়ম জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তিনটি ক্ষেত্রে বল পরিবর্তন করা যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মাঠের আম্পায়ারেরা। সন্ধের ম্যাচগুলিতে পরে বোলিং করা দলের অধিনায়কও প্রয়োজনে বল পরিবর্তন করতে পারবেন।
বিসিসিআইয়ের নির্দেশিকায় বলা হয়েছে, ম্যাচ চলাকালীন বল হারিয়ে গেলে বা কোনও কারণে বল ফেরত পাওয়া না গেলে বা আম্পায়ারেরা বলটি খেলার অযোগ্য মনে করলে তা পরিবর্তন করা যাবে। এ ক্ষেত্রে নতুন বল পাওয়া যাবে না। হারিয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া বলটিতে যত ওভার খেলা হয়েছিল, তত ওভার (প্রায়) খেলা হয়েছে, এমন একটি বল ব্যবহার করা যাবে পরিবর্ত হিসাবে। নতুন বল নেওয়া হলে ব্যাটারদের এবং ফিল্ডিং দলের অধিনায়ককে জানাতে হবে আম্পায়ারদের।
পরে বোলিং করা দলের অধিনায়ক চাইলে ১০ ওভারের পর বল পরিবর্তনের আবেদন করতে পারবেন। ওভারের মাঝে আবেদন করা যাবে না। দু’টি ওভারের মাঝে আবেদন করতে হবে মাঠের আম্পায়ারদের কাছে। বৃষ্টি বা শিশিরে বল ভিজে যাওয়ার সমস্যার কথা মাথায় রেখেই এই নিয়ম। আম্পায়ারেরা বল পরীক্ষা করে দেখবেন। পরে ফিল্ডিং করা দলের অধিনায়কের আবেদন যুক্তিসঙ্গত মনে হলে বল পরিবর্তন করা হবে। এ ক্ষেত্রেও প্রায় সমান ওভার ব্যবহৃত বলই দেওয়া হবে পরিবর্ত হিসাবে। এই নিয়ম শুধু সন্ধের ম্যাচগুলির ক্ষেত্রেই প্রযোজ্য।
আম্পায়ারেরা ম্যাচের যে কোনও সময় বল পরিবর্তন করতে পারবেন। তাঁরা যদি মনে করেন, বলটি খেলার উপযুক্ত অবস্থায় নেই, তা হলে পরিবর্তন করতে পারবেন। এ ক্ষেত্রেও নতুন বলটি প্রায় সমসংখ্যক ওভার ব্যবহৃত হতে হবে। ব্যাটার এবং ফিল্ডিং করা দলের অধিনায়ককে জানাতে হবে বিষয়টি।