জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র
সাদা বলের ক্রিকেটে যতই ভারতের আধিপত্য থাকুক, লাল বলের ক্রিকেটে ভারত ধারাবাহিক ভাবে ব্যর্থ হচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা অত্যন্ত কঠিন এই মুহূর্তে ষষ্ঠ স্থানে থাকা ভারতের কাছে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে, বাকি সব টেস্টে জসপ্রীত বুমরাহকে খেলাতে।
চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি করে টেস্ট খেলবে ভারত। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় রয়েছে। এই ন’টি টেস্টে ভাল খেলে ফাইনালে ওঠার লক্ষ্যে ভারতীয় দল। দলীয় ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা আগামী বছরের এক দিনের বিশ্বকাপের দিকে নজর রাখলেও, এই মুহূর্তে বোর্ডের প্রধান লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে বুমরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন।
‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্রকে বিসিসিআই-এর একটি সূত্র জানিয়েছেন, ‘‘চেষ্টা করা হচ্ছে বুমরাহকে সবকটা টেস্ট খেলার জন্য ফিট রাখার। আশা করা হচ্ছে শ্রীলঙ্কা ও নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চারটে টেস্টেই বুমরাহ খেলবে। তবে বড় চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের জন্য ওকে সতেজ রাখা। দরকার হলে কয়েকটা এক দিনের সিরিজ়ে ওকে বিশ্রাম দেওয়া হতে পারে।’’
আইপিএল শেষ হলেই রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ। এই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নয়। তাই এই ম্যাচেও ভারতের প্রথম সারির বেশ কয়েক জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে।