ICC T20 World Cup 2026

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ চূড়ান্ত হওয়ার পরেই আকাশ ছুঁল বিমানের টিকিটের দাম, দিল্লি থেকে কলম্বো যেতে খরচ লক্ষেরও বেশি

টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ চূড়ান্ত। বিমানের টিকিট কাটতে গিয়ে সমর্থকদের মাথায় হাত। ভারত থেকে কলম্বোর বিমানের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮
Share:

ভারত এবং পাকিস্তানের সমর্থকেরা। — ফাইল চিত্র।

আট দিনের টালবাহানার পর অবশেষে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা সরকারি ভাবে জানা গিয়েছে। তার পরেই অনেক সমর্থক কলম্বোর বিমানের টিকিট কাটতে উদ্যোগী হয়েছেন। তবে সমর্থকদের মাথায় হাত। ভারত থেকে কলম্বোর বিমানের টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। শুধু তাই নয়, কলম্বোয় গিয়ে থাকতেও প্রচুর খরচ করতে হবে।

Advertisement

সোমবার রাতে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ঘোষণা হতেই টিকিটের দাম হু হু করে বেড়েছে। এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কলম্বোর নন-স্টপ বিমানের টিকিটের ভাড়া এক লক্ষ ছুঁইছুঁই। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের যে বিমান, তার ভাড়া প্রায় দেড় লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। মুম্বই থেকে কলম্বোর বিমানভাড়া ৪০ হাজার পেরিয়ে গিয়েছে। সাধারণ সময়ে এই ভাড়া তিন গুণ কম থাকে।

হোটেল ভাড়াও বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কলম্বোয় ১৪ ফেব্রুয়ারি বিলাসবহুল হোটেলের জন্য প্রতি রাতে ভাড়া দিতে হবে প্রায় এক লক্ষ টাকা। সাধারণত এই ভাড়া ঘোরাফেরা করে ৪০-৫০ হাজারের মধ্যে।

Advertisement

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচের সূচি ঘোষণা হওয়ার পরেই অনেকে টিকিট কেটে ফেলেছিলেন। তাঁরাই এখন লাভবান। কারণ সেই সময়ে সাধ্যের মধ্যেই ছিল টিকিটের দাম। যাঁরা ম্যাচের অনিশ্চয়তার কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন তাঁদেরই এখন সমস্যায় পড়তে হয়েছে। এক তো বিমানের টিকিট অমিল। তার উপর অর্থও খরচ হচ্ছে অনেক বেশি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement