Kuldeep Yadav

বিশ্বকাপ জেতার পরেই ঘর বাঁধছেন ভারতীয় ক্রিকেটার, ১৪ মার্চ বিয়ে, ছোটবেলার বান্ধবীকে জীবনসঙ্গী করছেন বাঁহাতি স্পিনার

গত বছর ৪ জুন লখনউয়ে কুলদীপ যাদব-বংশিকার বাগ্‌দান অনুষ্ঠান হয়। গত নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কুলদীপের ক্রিকেটীয় ব্যস্ততার জন্য সে সময় স্থগিত রাখতে হয় অনুষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৬:৪৪
Share:

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতীয় ক্রিকেটারেরা। ছবি: বিসিসিআই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ। আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে আইপিএল। মাঝের কয়েক দিন বিশ্রাম ভারতীয় দলের ক্রিকেটারদের। কুলদীপ যাদব অবশ্য এর মধ্যেও ব্যস্ত থাকবেন। ১৪ মার্চ বিয়ে ভারতীয় দলের বাঁহাতি স্পিনারের।

Advertisement

বাগ্‌দত্তা বংশিকাকে বিয়ে করছেন কুলদীপ। ছোটবেলার বান্ধবীকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন তিনি। ১৪ মার্চ মুসৌরিতে হবে বিয়ের অনুষ্ঠান। তার পর ১৭ মার্চ লখনউয়ে হবে প্রীতিভোজের অনুষ্ঠান। লখনউয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা উত্তরপ্রদেশ এবং ভারতীয় দলের বেশ কিছু ক্রিকেটারের। গত বছর ৪ জুন লখনউয়ে কুলদীপ-বংশিকার বাগ্‌দান অনুষ্ঠান হয়।

কুলদীপ নিজে বিয়ের খবর সংবাদমাধ্যমকে দেননি। জানিয়েছেন তাঁর কোচ কপিল পাণ্ডে। তিনি বলেছেন, ‘‘আমরা ১২ মার্চ মুসৌরি যাব। পরের দিন হলদি এবং প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান। ১৪ মার্চ বিয়ে। তার পর আমরা লখনউ ফিরে আসব। ১৭ মার্চ লখনউয়ের একটি হোটেলে প্রীতিভোজের অনুষ্ঠান।’’ তিনি আরও জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুষ্ঠান শেষ হলে কুলদীপ প্রথমে কানপুরের বাড়িতে যাবেন। সেখান থেকে মুসৌরি যাবেন।

Advertisement

২০০৩ সাল থেকে কুলদীপকে কোচিং করাচ্ছেন কপিল। এখনও কোনও সমস্যা হলে ভারতীয় দলের স্পিনার তাঁর পরামর্শ দেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর প্রিয় ছাত্রের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত কপিল বলেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই বিয়ে। এর থেকে সুবর্ণ সময় আর কী হতে পারে। গত নভেম্বরেই বিয়েটা হওয়ার কথা ছিল। কুলদীপের ক্রিকেটীয় ব্যস্ততার জন্য সে সময় বিয়ের অনুষ্ঠান স্থগিত করতে হয়। এই সময়টা একদম ঠিকঠাক হয়েছে। কুলদীপ মানসিক ভাবে দুর্দান্ত জায়গায় রয়েছে। আমরাও সবাই খুশি। এমন সময়ই তো বিয়ে করার জন্য সবচেয়ে ভাল।’’

কুলদীপের বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া হয়েছে লখনউয়ের সেনট্রাম হোটেল। সেখানকার জেনারেল ম্যানেজার ভগবতী পন্থ বলেছেন, ‘‘আমাদের ৩৫টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। মনে হচ্ছে, আরও কিছু ঘর লাগবে। সে রকমই বলা হয়েছে। হোটেলের প্রধান বলরুমও ভাড়া নেওয়া হয়েছে। সেখানেই হবে অনুষ্ঠান। গত নভেম্বরের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। কিন্তু বিশেষ কারণে আমাদের তারিখ পিছোতে অনুরোধ করা হয়। শেষ পর্যন্ত ১৭ মার্চ অনুষ্ঠান হচ্ছে। আমাদের হোটেলে রিঙ্কু সিংহ এবং সাংসদ প্রিয়া সরোজের বাগ্‌দান অনুষ্ঠানও হয়েছিল।’’

বংশিকার বাবা এলআইসির কর্মী। তাঁরাও কানপুরের বাসিন্দা। অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন কুলদীপের বাগ্‌দত্তা। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচেই খেলার সুযোগ পান কুলদীপ। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে বেশ ভাল পারফর্ম করেন। ৩ ওভার বল করে ১৪ রানে ১ উইকেট নেন। আউট করেছিলেন মহম্মদ নওয়াজ়কে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement