শোকাহত রিঙ্কু সিংহ। —ছবি : সংগৃহীত
শেষরক্ষা হল না। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই প্রয়াত হলেন রিঙ্কু সিংহের বাবা খাচান্দ্র সিংহ। ভারতীয় শিবির থেকে ছুটি নিয়ে গত মঙ্গলবার হাসপাতাল ভর্তি বাবাকে দেখতে গিয়েছিলেন রিঙ্কু। পর দিনই ফিরে আসেন।
গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালে রিঙ্কুর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি চতুর্থ পর্যায়ের (স্টেজ ৪) লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
গত কয়েক দিনে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়েছিল। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। খাচান্দ্র মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও 'কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি'-তে ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চেন্নাইয়ের জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচের আগে বাবার শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে রিঙ্কু হঠাৎ শিবির ছেড়ে চলে যান। বাবাকে দেখে রিঙ্কু দ্রুত চেন্নাই ফিরে আসেন। যদিও বৃহস্পতিবারের ম্যাচে তিনি প্রথম একাদশে ছিলেন না। শুধু পরিবর্ত হিসাবে ফিল্ডিং করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে রিঙ্কুকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি।