IPL 2026

রাহুলের ইনিংস আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় শ্রেয়সদের, অপরাজিত পঞ্জাব অধিনায়ক আরও শক্তিশালী দল নিয়ে ফিরতে চান রাজস্থান ম্যাচে!

আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত পঞ্জাব কিংস। সাত ম্যাচ খেলে ১৩ পয়েন্ট শ্রেয়স আয়ারদের। আর একটি ম্যাচ জিতলে পঞ্জাবের প্লেঅফ খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১১:৩৬
Share:

শ্রেয়স আয়ার। ছবি: পিটিআই।

আইপিএলে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য পঞ্জাব কিংস। কলকাতার বৃষ্টি ছাড়া কেউ পয়েন্ট কাড়তে পারেনি শ্রেয়স আয়ারের দলের। অক্ষর পটেলের দিল্লি ক্যাপিটালস ২৬৪ রান তুলেও জিততে পারেনি ঘরের মাঠে। ৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিয়েছেন শ্রেয়সেরা। পঞ্জাব অধিনায়কের দাবি এই সাফল্যের কারণ তাঁর দলের আত্মবিশ্বাস।

Advertisement

আইপিএলে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স। দিল্লির বিরুদ্ধেও ৩৬ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। পঞ্জাবের দলগত পারফরম্যান্সের সামনে লোকেশ রাহুলের ৬৭ বলে ১৫২ রানের অপরাজিত ইনিংসও কাজে আসেনি। তবে রাহুলের ইনিংসই আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল শ্রেয়সদের। বড় লক্ষ্য তাড়া করে এই জয়ের পর শ্রেয়স বলেছেন, ‘‘আমার মাথায় একটা জিনিসই ছিল। দিল্লি যত রানই করুক, জিততে হলে আমাদের ১ রান বেশি করতে হবে। এই মানসিকতা নিয়েই খেলতে নামি আমরা। এর বাইরে কোনও ভাবনা থাকে না। যেমন লোকেশ রাহুল আমাদের বোলারদের বিরুদ্ধে দুর্দান্ত কিছু শট খেলল। পরিস্থিতি অনুযায়ী যে ভাবে খেলা দরকার, ঠিক সে ভাবেই খেলেছে। এটাই আসল।’’ শ্রেয়স আরও বলেছেন, ‘‘রাহুলের ব্যাটিং দেখে মনে হয়নি, খুব বেশি কিছু চেষ্টা করতে হয়েছে। সেটা দেখে আমি মনে মনে ভাবলাম, ওরা পারলে আমরা কেন পারব না।’’

আইপিএলে এর আগেও ২২০ রান তাড়া করে ম্যাচ জিতেছে পঞ্জাব। দলের এই আত্মবিশ্বাসের কারণ কী? শ্রেয়স বলেছেন, ‘‘আমরা দেখছিলাম, আগের ম্যাচগুলোয় ২ ওভার বাকি থাকতে ২২০-২২৫ রানের মতো তুলতে পেরেছি। দিল্লির বিরুদ্ধে একই রকম মানসিকতা নিয়ে খেলতে নেমেছিলাম। লক্ষ্য ছিল, পাওয়ার প্লেতে যত বেশি সম্ভব রান তুলে নেওয়া। আমাদের ওপেনারেরা প্রথম বল থেকেই আগ্রাসী ব্যাটিং করে পরিস্থিতি সামলে দেয়। বাকিরা শুধু ওদের ভাল শুরুটা কাজে লাগানোর চেষ্টা করেছি।’’

Advertisement

সাত ম্যাচ খেলে ১৩ পয়েন্ট শ্রেয়সদের। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর থেকে ৩ পয়েন্টে এগিয়ে তাঁরা। আর একটি ম্যাচ জিতলে পঞ্জাবের প্লেঅফ খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে। তা-ও শ্রেয়স বলছেন, তাঁর দলের ফিল্ডিংয়ে আরও উন্নতির সুযোগ রয়েছে। তবে আপাতত বিশ্রাম। তিনি বলেছেন, ‘‘এই জয়ের পর আমরা যতটা সম্ভব মজা করব। যতটা সম্ভব বিশ্রাম নেব। কারণ আমাদের টানা তিন দিন প্রচন্ড গরমের মধ্যে অনুশীলন করতে হয়েছে। ম্যাচ খেলতে হয়েছে। প্রত্যেকের খুব পরিশ্রম হয়েছে। তাই বুঝতেই পারছেন, একটু বিশ্রাম প্রয়োজন। পরের ম্যাচের আগে আমাদের আবার শক্তি সঞ্চয় করতে হবে। পরিকল্পনাও করতে হবে। কী করে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে পারি, সেটা দেখতে হবে। পরের ম্যাচগুলোর প্রতিপক্ষদের নিয়ে পরিকল্পনা করতে হবে।’’ উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল শ্রেয়সদের পরের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement