গত বারের বিশ্বকাপজয়ী নিউ জ়িল্যান্ড দল। — ফাইল চিত্র।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর দু’মাস বাকি। সোমবার সেই প্রতিযোগিতার পুরস্কারমূল্য ঘোষণা করে দিল আইসিসি। ইংল্যান্ড এবং ওয়েলসে হবে প্রতিযোগিতা। গত বারের থেকে এ বারের পুরস্কারমূল্য বেড়েছে ১০ শতাংশ। ১২ জুন শুরু হবে প্রতিযোগিতা। প্রথম ম্যাচে আয়োজক ইংল্যান্ডের মুখোমুখি শ্রীলঙ্কা।
বিশ্বকাপে সর্বমোট পুরস্কারমূল্য রাখা হয়েছে প্রায় ৮২ কোটি টাকা। গত বারের থেকে তা ১০ শতাংশ বেশি। তবে এ বার দু’টি বাড়তি দেশ খেলবে। প্রথম বার ১২ দেশের বিশ্বকাপ হবে।
ফাইনালের ট্রফিজয়ী দল পাবে ২১ কোটি ৮৪ লক্ষ টাকা। রানার্স-আপ দল পাবে ১০ কোটি ৯২ লক্ষ টাকা। সেমিফাইনালে পরাজিত দুই দল পাবে ৬ লক্ষ ৩০ হাজার টাকা। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জেতার জন্য বিজয়ী দল পাবে ২৯ লক্ষ ৭ হাজার টাকা করে। এ ছাড়া বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য প্রতিটি দেশকে দেওয়া হবে অন্তত ২ কোটি ৩১ লক্ষ টাকা করে।
মহিলাদের ক্রিকেট যে ভাবে উন্নত হচ্ছে এবং জনপ্রিয়তা বাড়ছে তাতে খুশি আইসিসি-র সিইও সংযোগ গুপ্তা। তিনি বলেছেন, “মহিলাদের ক্রিকেট ক্রমশ উন্নতি করছে। সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বাড়িয়ে ১২ দলের কথা রয়েছে। রেকর্ড পুরস্কারমূল্য রাখা হয়েছে। মহিলাদের ক্রিকেটকে আরও জনপ্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করার ব্যাপারে আমরা দায়বদ্ধ।”
সোমবার থেকে ট্রফির সফর শুরু হয়ে গিয়েছে। প্রতিযোগিতার আগে পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সেটি ঘুরবে। এ বার ইউরোপ থেকে ইংল্যান্ড ছাড়াও নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড অংশগ্রহণ করছে।