BCCI

ভারতের এক দিনের দলে ফিরলেন ঈশান, ছাঁটাই পন্থ, আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ তিন তরুণ ক্রিকেটারকে

টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। এক দিনের দল থেকে তাঁকে ছেঁটেই ফেললেন অজিত আগরকরেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্যের পুরস্কার আফগানিস্তান সিরি‌জ়ে পেলেন ঈশান কিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৭:৫১
Share:

(বাঁ দিকে) ঈশান কিশন এবং ঋষভ পন্থ (ডান দিকে)। —ফাইল চিত্র।

টেস্টের পাশাপাশি আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ের দলও মঙ্গলবার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও ১৫ জনের দলে রাখা হয়েছে রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ড্যকে। ঈশান কিশনকে এক দিনের দলে ফেরানো হয়েছে। বাদ পড়েছেন ঋষভ পন্থ।

Advertisement

প্রায় তিন বছর ভারতের এক দিনের দলে সুযোগ পেলেন ঈশান। ২০২৩ সালের ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলের সাফল্য তাঁর সামনে আবার এক দিনের দলের দরজা খুলে দিল। পন্থের উপর বিরক্ত অজিত আগরকর, গৌতম গম্ভীরেরা ভরসা রাখতে চাইছেন ফর্মে থাকা ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারের উপর। পন্থ এক দিনের দলে থাকলেও খেলার সুযোগ পেতেন না। লোকেশ রাহুল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতেন। ২০২৪ সালের ৭ অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ খেলেন পন্থ।

দলে রাখা হয়েছে রোহিত এবং হার্দিককে। ফিটনেস সমস্যার কারণে আইপিএলে শেষ দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারছেন না হার্দিক। রোহিতও মাঝে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। এখন ইমপ্যাক্ট সাব হিসাবে শুধু ব্যাটিং করছেন। দু’জনকেই দলে রাখা হয়েছে শর্তসাপেক্ষে। আফগানিস্তান সিরিজ়ের আগে প্রয়োজনীয় ফিটনেস ফিরে পেলেই তাঁরা চূড়ান্ত দলে থাকবেন।

Advertisement

প্রথম বার এক দিনের দলে ডাক পেয়েছেন তিন ক্রিকেটার। তাঁরা হলেন প্রিন্স যাদব, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলের পারফরম্যান্সের নিরিখেই তাঁদের সুযোগ দেওয়া হয়েছে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেলকে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের জন্য নেই হর্ষিত রানাও। সে কারণে আফগানিস্তানের বিরুদ্ধে তরুণদের দেখে নিতে চাইছেন গম্ভীরেরা। গুরনুর এবং হর্ষকে টেস্ট দলেও সুযোগ দেওয়া হয়েছে। ২০২৩ সালের পর এক দিনের দলে ফেরানো হয়েছে অর্শদীপ সিংহকেও।

ভারত-আফগানিস্তান এক দিনের সিরিজ় শুরু হবে ১৪ জুন। ধর্মশালায় হবে প্রথম ম্যাচ। দ্বিতীয় এক দিনের ম্যাচ ১৪ জুন লখনউয়ে এবং তৃতীয় ম্যাচ ১৭ জুন চেন্নাইয়ে হবে।

ভারতের এক দিনের দল: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement