Kuldeep Yadav

অস্ত্রোপচারের পর রঞ্জিতে ফিরলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা স্পিনার

ঘরোয়া ক্রিকেটে ফিরলেন কুলদীপ যাদব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরপ্রদেশের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলছেন বাঁহাতি স্পিনার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৪:৫৪
Share:

কুলদীপ যাদব। —ফাইল চিত্র।

মহম্মদ শামির পরে ক্রিকেটে ফিরলেন ভারতের আরও এক ক্রিকেটার। অস্ত্রোপচারের পরে ফিরেছেন কুলদীপ যাদব। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরপ্রদেশের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে খেলছেন বাঁহাতি স্পিনার। উইকেটও নিয়েছেন তিনি।

Advertisement

২০২৪ সালের অক্টোবর মাসে হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল কুলদীপের। ফলে বেশ কিছু দিন ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পরেই চোটের কারণে দলের বাইরে যান তিনি। অস্ত্রোপচারের পর রিহ্যাব শেষে আবার রাজ্য দলে ফিরেছেন কুলদীপ।

উত্তরপ্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছে মধ্যপ্রদেশ। দুই ওপেনারের মধ্যে ১৪৭ রানের জুটি হয়েছে। সেই জুটি ভেঙেছেন কুলদীপই। আপাতত ১০ ওভার বল করে মাত্র এক উইকেট নিয়েছেন তিনি। নিজের পুরনো ফর্মে ফিরতে সময় লাগবে কুলদীপের। যত বল করবেন তত ছন্দ ফিরে পাবেন তিনি।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের দলে রাখা হয়েছে কুলদীপকে। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলেও রয়েছেন তিনি। ফলে তাঁকে পুরো ফিট করে তোলার চেষ্টা চলছে। জাতীয় দলের হয়ে খেলতে নামার আগে তাই ঘরোয়া ক্রিকেটে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন কুলদীপ।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দলে প্রত্যাবর্তন হয়েছে শামির। প্রথম দু’টি টি-টোয়েন্টি না খেললেও তৃতীয় ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছেন তিনি। ৩ ওভার বল করে ২৫ রান দিয়েছেন। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে শামির মতোই গুরুত্বপূর্ণ সদস্য কুলদীপ। এখন দেখার ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে কুলদীপ খেলেন কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement