বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
১৫ বছর বয়সেই ভারতীয় দলে বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে রয়েছে কিশোর ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়ম অনুযায়ী সিনিয়র দলের হয়ে খেলতে পারে বৈভব। তবে ইংল্যান্ডে কিছু নিয়ম মেনে চলতে হবে তাকে।
আইপিএলের সবচেয়ে বেশি রান করার পর বৈভবকে জাতীয় দলে নেওয়ার দাবি ওঠে। সাধারণ ক্রিকেটপ্রেমীরা তো বটেই, বিশেষজ্ঞদের একাংশও বৈভবকে ভারতীয় দলে দেখতে চান। জাতীয় নির্বাচকেরাও প্রথম বার ভারতীয় দলে সুযোগ দিয়েছেন তাকে। ইংল্যান্ড সফরে গিয়ে শ্রেয়স আয়ারদের সঙ্গে থাকতে পারলেও এক সাজঘরে থাকতে পারবে না বৈভব। আইসিসি এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়মের জন্য বাকিদের সঙ্গে এক সাজঘর ব্যবহার করতে পারবে না বৈভব। ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-ইংল্যান্ড সিরিজ় আইসিসির প্রতিযোগিতা হওয়ায় কিছু নির্দেশিকা এবং নিয়ম কঠোর ভাবে মেনে চলতে হবে। সুরক্ষার কারণে আইসিসি এবং ইসিবির নিয়ম, ১৬ বছরের কম বয়সী ক্রিকেটাররা সিনিয়রদের সাজঘর ব্যবহার করতে পারবে না। এই নিয়মের জন্য বৈভবের অবশ্য কোনও সমস্যা হবে না। তার জন্য আলাদা সাজঘরের ব্যবস্থা থাকবে। শুধু ম্যাচ এবং টিম মিটিংয়ের সময় মূল সাজঘর ব্যবহার করতে পারবে বৈভব। উল্লেখ্য, ইংল্যান্ড সফরে বৈভবের সঙ্গে যাবেন তার বাবা-মাও। গত মরসুমে আর্সেনালের তরুণ ফুটবলার ম্যাক্স ডাওম্যানের জন্যও একই নিয়ম ছিল। তখন তার বয়স ১৬ হয়নি। ডাওম্যানের জন্যও আলাদা সাজঘরের ব্যবস্থা করা হত।
ইসিবি কর্তারা বিষয়টি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। ইংল্যান্ড সফরে গিয়ে বৈভবের কোনও সমস্যা হবে না বলেও আশ্বস্ত করা হয়েছে। ভারতীয় দলের সঙ্গে এক জন বিশেষ যোগাযোগাকারী অফিসার থাকবেন। তিনি বৈভবের সব কিছু দেখভাল করবেন। প্রতিটি ম্যাচ কেন্দ্রের সেফ গার্ড অফিসার বা সুরক্ষা আধিকারিকও তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলবেন বৈভবের ব্যাপারে। সাজঘরের সুরক্ষা যাতে কোনও ভাবে ব্যাহত না হয়, তা দেখা হবে।
বৈভবের বয়সের কথা ভেবেই দলের সঙ্গে তার বাবা-মাকে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তাঁরা দলের হোটেলেই থাকবেন। বাবা-মাকে দলের হোটেলে থাকতে দেওয়ার নিয়ম না থাকলেও বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।