IPL 2026

উইকেটের খরা বুমরাহের! আইপিএলে লজ্জার নজির, হার্দিকদের সমস্যা বাড়াচ্ছেন মুম্বইয়ের পেসার

আইপিএলে চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের এই ব্যর্থতার দায় কিছুটা হলেও জসপ্রীত বুমরাহের। হার্দিক পাণ্ড্যদের সমস্যা বাড়াচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৫:১০
Share:

জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।

আইপিএলে অচেনা জসপ্রীত বুমরাহ। তিনি বল করবেন আর উইকেট পাবেন না, এই দৃশ্য সচরাচর দেখা যায় না। সেটাই এ বার দেখা যাচ্ছে। আইপিএলে চার ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের এই ব্যর্থতার দায় কিছুটা হলেও বুমরাহের। হার্দিক পাণ্ড্যদের সমস্যা বাড়াচ্ছেন তিনি।

Advertisement

আইপিএলে শেষ পাঁচ ম্যাচে উইকেট পাননি বুমরাহ। গত বছর আইপিএলের প্লে-অফে পঞ্জাব কিংস ম্যাচ থেকে ঘটনার সূত্রপাত। সেই ম্যাচে চার ওভারে ৪০ রান দিয়েছিলেন বুমরাহ। এ বার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চার ওভারে ৩৫, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চার ওভারে ২১, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিন ওভারে ৩২ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে চার ওভারে ৩৫ রান দিয়েছেন তিনি। একটিও উইকেট পাননি।

একমাত্র দিল্লি ম্যাচ ছাড়া বাকি চারটি ম্যাচেই রান দিয়েছেন বুমরাহ। পঞ্জাব ও রাজস্থানের বিরুদ্ধে ওভার প্রতি ১০ এবং কেকেআর ও বেঙ্গালুরুর বিরুদ্ধে ওভার প্রতি ৮ রানের বেশি দিয়েছেন। এই ছবি সাধারণত দেখা যায় না। অর্থাৎ, বুমরাহের বিরুদ্ধে ওভার কাটানোর চেষ্টা ব্যাটারেরা করছেন না। রান করছেন। এতে মুম্বইয়ের চিন্তা আরও বেড়েছে। কারণ, বুমরাহ দলের প্রধান বোলার। প্রতিপক্ষ ব্যাটারকে আউট করার বা নিদেনপক্ষে চাপে রাখার কাজ তাঁর। দু’টির কোনওটাই করতে পারছেন না তিনি।

Advertisement

চলতি বছর বুমরাহ মোট ১৫ ওভার অর্থাৎ, ৯০ বল করেছেন। দিয়েছেন ১২৩ রান। কোনও উইকেট পাননি। ইকোনমি ৮.২০। ২০১৪ সালে পর পর চার ম্যাচে উইকেট পাননি বুমরাহ। এত দিন সেটাই ছিল তাঁর সবচেয়ে খারাপ পারফরম্যান্স। তাকে টপকে গিয়েছেন এ বার।

২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন বুমরাহ। প্রতি বার উইকেট পেয়েছেন তিনি। ২০২০ সালে সবচেয়ে বেশি ২৭ উইকেট নিয়েছিলেন তিনি। ২০২১ সালে নিয়েছিলেন ২১ উইকেট। দু’বারই চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। শেষ চার বছর ট্রফি আসেনি পাঁচ বারের চ্যাম্পিয়নদের ঘরে। এ বারও শুরুটা খারাপ হয়েছে। তার জন্য কিছুটা হলেও দায়ী বুমরাহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement