IPL 2026

বাংলাদেশে আইপিএল-ধাক্কা! সম্প্রচার বন্ধ, আর্থিক কারণে চুক্তি ভাঙল সম্প্রচারকারী সংস্থা

বাংলাদেশের সরকার ও ক্রিকেট বোর্ড আইপিএলের সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু এ বার সরে এল জিয়োস্টার। ফলে সে দেশে দেখা যাবে না আইপিএল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১০:৩৬
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

বাংলাদেশে দেখা যাবে না এ বারের আইপিএল। সে দেশের সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছে আইপিএলের প্রধান সম্প্রচারকারী সংস্থা জিয়োস্টার। তারা জানিয়েছে, আর্থিক কারণে চুক্তি ভাঙা হয়েছে। ফলে এ বার কোনও ভাবেই বাংলাদেশের দর্শকেরা আইপিএল দেখতে পাবেন না।

Advertisement

‘রয়টার্স’ জানিয়েছে, বাংলাদেশে আইপিএল সম্প্রচারের দায়িত্বে থাকা ‘টি স্পোর্টস’-এর সঙ্গে চুক্তি ভেঙেছে জিয়োস্টার। ২০২৩-২০২৭ পর্যন্ত টি স্পোর্টসের সঙ্গে চুক্তি ছিল জিয়োস্টারের। সেই চুক্তিই ভেঙে দেওয়া হয়েছে। টি স্পোর্টসকে একটি চিঠিও লিখেছে তারা। সেই চিঠিতে লেখা, “এই মুহূর্ত থেকে চুক্তি ভেঙে দেওয়া হচ্ছে। চুক্তি অনুযায়ী বকেয়া মেটানোর ক্ষেত্রে বার বার গাফিলতি দেখা গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই চিঠি থেকে স্পষ্ট, আর্থিক কারণেই চুক্তি ভেঙে দিয়েছে জিয়োস্টার।

এর আগে মহিলাদের আইপিএলের চুক্তিও ভেঙে দিয়েছিল জিয়োস্টার। ‘রয়টার্স’ জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি টি স্পোর্টসকে একটি চিঠি লিখে সে কথা জানিয়ে দিয়েছিল তারা।

Advertisement

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছিল, সে দেশে আইপিএলের সম্প্রচার হবে না। সেই নিষেধাজ্ঞা থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কয়েক দিন আগে বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক ‘ক্রিকবাজ়’-কে বলেছিলেন, “এখনও এই বিষয়ে কিছু ভাবিনি। ইদের ছুটি শেষ হওয়ার পর ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলব। তার পরেই ছবিটা বুঝতে পারব। সব কিছু আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।”

আমিনুল জানিয়েছিলেন, ক্রীড়াক্ষেত্রে রাজনীতি নিয়ে আসতে চান না তাঁরা। তিনি বলেন, “ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাই। কোনও সমস্যা হওয়া উচিত নয়। খেলার মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক নয়। আমাদের জানতে হবে কেন আইপিএলের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব।”

একই কথা শোনা গিয়েছিল বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরউদ্দিন স্বপনের কথায়। তিনি বলেছিলেন, “এখনও পর্যন্ত কেউ আইপিএল সম্প্রচারের অনুমতি চায়নি। কিন্তু আমরা খেলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। আমরা বাণিজ্যিক দিক থেকে বিষয়টা দেখছি। যদি কোনও চ্যানেল অনুমতি চায়, আমরা নিশ্চয়ই ভেবে দেখব।” কিন্তু জিয়োস্টারের এই সিদ্ধান্তের পর অন্তত এ বার আর বাংলাদেশে দেখা যাবে না আইপিএল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement