IPL 2026

গত বছরের খারাপ স্মৃতি মনে রাখতে চান না রাহানে, নতুন মরসুমে অ্যালেন-গ্রিনদের নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন কেকেআর অধিনায়কের

গত বছরের আইপিএল একেবারেই ভাল যায়নি কেকেআরের কাছে। এ বছর দল অনেকটাই নতুন ভাবে গড়া হয়েছে। ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, ক্যামেরন গ্রিনদের নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ২৩:১০
Share:

কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। ছবি: পিটিআই।

গত বছরের আইপিএল একেবারেই ভাল যায়নি কেকেআরের কাছে। ১৪টি ম্যাচে মাত্র পাঁচটিতে জিতে অষ্টম স্থানে শেষ করেছিল তারা। এ বছর দল অনেকটাই নতুন ভাবে গড়া হয়েছে। ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, ক্যামেরন গ্রিনদের নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। শুক্রবার নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

Advertisement

ব্যর্থতা সত্ত্বেও যে ভাবে কেকেআর তাঁর উপর নেতৃত্বের জন্য আস্থা রেখেছে তাতে আপ্লুত রাহানে। বলেছেন, “ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে প্রতিটা বছরই আমার কাছে চ্যালেঞ্জ। ক্রিকেটযাত্রায় আমি সব সময় ইতিবাচক থেকে যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করেছি। গত বছর থেকে দলকে নেতৃত্ব দিচ্ছি। এ বারও আমাকে দায়িত্ব দেওয়ায় দলের কাছে কৃতজ্ঞ। সব কিছুই ইতিবাচক ভাবে নিচ্ছি। সুযোগ কাজে লাগানোই আমাদের লক্ষ্য।”

রাহানের লক্ষ্য, শুরুটা ভাল ভাবে করা। ২৯ মার্চ প্রথম ম্যাচে সামনে মুম্বই। এর পর তিনটি ম্যাচ ঘরের মাঠে খেলবে তারা। যে মাঠে তাদের রেকর্ড সবচেয়ে খারাপ, সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই জিততে চাইছে কেকেআর। রাহানে বলেন, “আমরা শুরুটা ভাল করতে চাই। লম্বা প্রতিযোগিতা। তাই শুরুতেই নিজের সেরাটা দিলে হবে। সকলের থেকেই প্রত্যাশা রয়েছে। আসলে নিখুঁত ম্যাচ বলে কিছু হয় না। ভুলত্রুটি হয়েই থাকে। তবে দল হিসাবে ভাল ক্রিকেট খেলতে চাই। দল নিয়ে আশাবাদী। আমরা ভাল ফল করতে মরিয়া।

Advertisement

আন্দ্রে রাসেল অবসর নিয়েছেন। বেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। টিম সেইফার্ট, অ্যালেন, রবীন্দ্র, গ্রিনের মতো ক্রিকেটারেরা এ বার এসেছেন। বোলিং বিভাগেও হাতে মোটামুটি বিকল্প রয়েছে। এই অবস্থায় প্রথম একাদশ কী হবে তাই নিয়ে জল্পনা চলছে। রাহানে বলেছেন, “আমাদের দলে প্রতি বছরই অসাধারণ ব্যাটিং বিভাগ থাকে। বেশির ভাগ ব্যাটারই ভাল ফর্মে রয়েছে। বিদেশিরাও খুব ভাল। বিশ্বকাপ দারুণ কাটিয়েছে। প্রথম একাদশ কী হবে তা এখনই বলছিল। তবে যারা দলে রয়েছে প্রত্যেকে নিজের সেরাটা দিতে তৈরি। নতুন মরসুমের আগে সকলে উত্তেজিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement