IPL 2026

দল হারলেও নজর কাড়লেন মণীশ, আইপিএলের সেরা ক্যাচ ধরলেন কেকেআর ক্রিকেটার! হতবাক কোহলিরা

দল হেরেছে। কিন্তু নজর কেড়েছেন মণীশ পাণ্ডে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুর্দান্ত ক্যাচ ধরেছেন তিনি। তা দেখে হতবাক বিরাট কোহলিরাও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১১:১৫
Share:

মণীশ পাণ্ডের সেই ক্যাচের মুহূর্ত। ছবি: ভিডিয়ো থেকে।

আইপিএলে দেখা গেল আরও এক দুর্দান্ত ক্যাচ। দল হারলেও নজর কাড়লেন মণীশ পাণ্ডে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটার টিম ডেভিডের দুর্দান্ত ক্যাচ ধরলেন তিনি। তা দেখে হতবাক বিরাট কোহলিরাও। এটিই আইপিএলের সেরা ক্যাচ কি না, তা নিয়ে তর্ক হবে। তবে সেরা ক্যাচের লড়াইয়ে যে মণীশ ঢুকে পড়েছেন, তা বলা যেতে পারে।

Advertisement

ম্যাচের ১৮তম ওভারে কার্তিক ত্যাগীর বল পয়েন্ট অঞ্চল দিয়ে চার মারার চেষ্টা করেন ডেভিড। বেশ জোরে বল মেরেছিলেন তিনি। পয়েন্টে দাঁড়িয়েছিলেন মণীশ। বাঁ দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ ধরেন তিনি। এত তাড়াতাড়ি পুরো ঘটনা ঘটে যে, প্রথমে কেউ ধরতেই পারেননি। পরে রিপ্লে-তে বিষয়টি বোঝা যায়। মাটির সামান্য উপরে বল ধরেন মণীশ। ঝাঁপালেও বল হাত থেকে ছাড়েননি।

কিছু ক্ষণের জন্য কেউ বিশ্বাস করতে পারছিলেন না, সত্যিই ক্যাচ ধরেছেন মণীশ। ডেভিড হতাশ হয়ে দাঁড়িয়েছিলেন। অবাক দেখাচ্ছিল ত্যাগীকেও। বিশ্বাস করতে পারছিলেন না কোহলি। আরসিবি ও কেকেআরের ডাগ আউটেও তখন এক অবস্থা। ক্রুণাল পাণ্ড্য, বেঙ্কটেশ আয়ারেরা অবাক হয়ে যান। তাঁরা হাততালি দিয়ে মণীশের প্রশংসা করেন। উচ্ছ্বসিত দেখাচ্ছিল কেকেআরের ক্রিকেটারদের।

Advertisement

তাতে অবশ্য দলকে জেতাতে পারেননি মণীশ। ১৯৩ রান তাড়া করতে নেমে ৬০ বলে কোহলির অপরাজিত ১০৫ রানের ইনিংসে ভর করে ম্যাচ জেতে আরসিবি। পয়েন্ট তালিকায় সকলের উপরে উঠেছে তারা। অন্য দিকে হেরে প্লে-অফের লড়াই কঠিন হয়ে গিয়েছে কেকেআরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement