IPL 2026

বৈভবকে বোল্ড করে চোখ পাকিয়ে লাফালাফি! আইপিএলের মতে অসভ্যতা, শাস্তি দিল্লির জেমিসনকে

বৈভব সূর্যবংশীকে আউট করেই চিৎকার করে উচ্ছ্বাস প্রকাশ করেন কাইল জেমিসন। তাঁর এই আচরণ গ্রহণযোগ্য মনে হয়নি আম্পায়ারদের। আইপিএলের আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গে অভিযুক্ত দিল্লি ক্যাপিটালসের বোলার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১০:৫৪
Share:

কাইল জেমিসন। ছবি: বিসিসিআই।

শাস্তি পেলেন কাইল জেমিসন। দিল্লি ক্যাপিটালসের জোরে বোলারের বিরুদ্ধে আইপিএলের আচরণবিধি ভাঙার অভিযোগ। শুক্রবার রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীকে আউট করে অতি আগ্রাসী ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

Advertisement

দিল্লির বিরুদ্ধে রান পায়নি বৈভব। ২ বলে ৪ রান করে জেমিসনের বলে বোল্ড যায় ১৫ বছরের ব্যাটার। উইকেট পাওয়ার পর অতিরিক্ত লাফালাফি করে উচ্ছ্বাস করেন নিউ জ়িল্যান্ডের ক্রিকেটার। সাজঘরমুখী বৈভবের কাছে গিয়ে তাঁকে কিছু বলতেও দেখা গিয়েছে। কিশোর ব্যাটারকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ একজন ক্রিকেটারের এমন উচ্ছ্বাস ভাল ভাবে নেননি ক্রিকেটপ্রেমীদের একাংশ।

রাজস্থানের ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন জেমিসন। চতু্র্থ বলে তাঁকে চার মারে বৈভব। পরের বলেও আগ্রাসী শট খেলার জন্য তৈরি ছিল বৈভব। কিন্তু জেমিসনের দ্রুতগতির ইয়র্কার তার ব্যাটের কানায় লেগে উইকেট ভেঙে দেয়। তার পরই চিৎকার করে উচ্ছ্বাস করতে শুরু করেন জেমিসন। তাঁর এই অতি আগ্রাসী আচরণ গ্রহণযোগ্য নয়। আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী, আইপিএলের আচরণবিধির ২.৫ ধারা ভেঙেছেন জেমিসন। ম্যাচ রেফারি রাজীব শেঠ তাঁকে ‘লেভেল ওয়ান’ অপরাধে দোষী সাব্যস্ত করেছেন। কিউয়ি জোরে বোলারকে সতর্ক করে দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। ভবিষ্যতে আবার এমন করলে তুলনায় কঠোর শাস্তি পেতে হবে তাঁকে।

Advertisement

বৈভবকে আউট করে জেমিসন যে ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাতে একটি বিষয় পরিষ্কার। ১৫ বছরের ব্যাটার বিশ্বের সেরা বোলারদের মনেও ভয় ঢুকিয়ে দিয়েছে। তার আগ্রাসী ব্যাটিংকে গুরুত্ব দিচ্ছেন সব দলের বোলারেরাই। প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলে দিয়েছে বৈভব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement