আকাশ অম্বানী। ছবি: রয়টার্স।
হার্দিক পাণ্ড্যের নেতৃত্ব বা পারফরম্যান্সই নয়, সাজঘরের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। এ বারের আইপিএলে বেশ কয়েক বার দলের গোপনীয়তা নষ্ট হয়েছে বলে মনে করছেন কর্তারা। তথ্য পাচার রুখতে আগামী মরসুমের আগে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা ভাবছেন মুম্বই কর্তৃপক্ষ।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাজঘরের কথা বার বার বাইরে বেরিয়ে যাওয়ায় উদ্বিগ্ন মুম্বই কর্তারা। যে সব বিষয় দলের মধ্যেই থাকা উচিত, তেমন কিছু কিছু বিষয় বাইরে চলে গিয়েছে। নির্দিষ্ট ভাবে কাউকে সন্দেহ করা হচ্ছে না। তবে বিষয়টিতে লাগান টানতে চান তাঁরা। এই ধরনের বিশৃঙ্খলা পছন্দ করছেন না কর্তারা।
মুম্বই দলের সঙ্গে এক জন বলেছেন, ‘‘প্রতিটি সাজঘরের পরিবেশ আলাদা হয়। আমাদের সাজঘরে বিভেদ এবং বিরক্তির পরিবেশ খুব বেড়ে গিয়েছিল হার্দিক ফিরে আসার পর থেকে। বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সাধারণ চোখেই সমস্যাগুলো দেখা গিয়েছে। মুম্বইয়ের মতো ফ্র্যাঞ্চাইজ়িগুলো সব সময় দলের নিয়ন্ত্রকদের নিয়ে সচেতন। তাঁদের গুরুত্ব দেয়। কিন্তু সাজঘরের খবর বাইরে যাওয়া উদ্বেগজনক। এটা বাস্তব। আমাদের সাজঘরে একাধিক কিংবদন্তি রয়েছেন। একাধিক বার দলের নেতৃত্ব পরিবর্তন হয়েছে। আরও অনেক কিছু হয়েছে। কিন্তু ভিতরের খবর কখনও বাইরে চলে যায়নি। তাই বিষয়টা ভাবাচ্ছে।’’
মুম্বই কর্তৃপক্ষ হার্দিক বাদ দিয়ে আগামী মরসুমের পরিকল্পনা করছেন। নতুন অধিনায়ক বেছে নেওয়ার জন্য রোহিত শর্মার পরামর্শ নেওয়া হচ্ছে। দলে তাঁর গুরুত্ব ফিরিয়ে আনার কথা ভাবা হয়েছে। যা যা সমস্যা চোখে পড়েছে, সেগুলির সমাধান খোঁজার চেষ্টা করছেন কর্তারা। ওই ব্যক্তি বলেছেন, ‘‘বার বার সাজঘরের ভিতরের কথা বাইরে চলে যাওয়ার ব্যাপারটা ভাল ভাবে নিচ্ছেন না কর্তৃপক্ষ। অনেক ক্রিকেটার সমাজমাধ্যমে নানা কিছু পোস্ট করেছে। কেউ ইমোজি, কেউ ইঙ্গিতপূর্ণ মন্তব্য পোস্ট করেছে। বন্ধ করা যায়নি। সাজঘরের মধ্যে বিভেদের পরিবেশও ঠিক হয়নি। কিছু খেলোয়াড়ের আচরণ, খেলার ধরন নিয়েও প্রশ্ন উঠছে। নানা সমস্যা চিহ্নিত হয়েছে। কোনও ক্রিকেটার যদি মনে করে মুম্বইকে নিয়ে যা ইচ্ছে করা যায়, তা হলে নতুন করে ভাবা উচিত। তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়।’’
মুম্বইয়ের হৃত গৌরব ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ। দলের পরিবেশ ঠিক করতে একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সাজঘরের অশান্তির পরিবেশ, তথ্য পাচারের মতো বিষয়গুলিকে হালকা ভাবে নিতে নারাজ তাঁরা।