Fakhar Zaman

বল বিকৃতিতে অভিযুক্ত ফখরের শাস্তি ঘোষণা, সাসপেন্ড পাক ব্যাটার

অভিযোগ অস্বীকার করেও শাস্তি এড়াতে পারলেন না ফখর জ়মান। দ্বিতীয় শুনানির পর তাঁকে পিএসএলের দু’টি ম্যাচের জন্য নিলম্বিত করেছেন ম্যাচ রেফারি রোশন মহানামা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৮:২৬
Share:

ফখর জ়মান। ছবি: এক্স।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল বিকৃতির অভিযোগ অস্বীকার করেও শাস্তি এড়াতে পারলেন না ফখর জ়মান। পাকিস্তানের জাতীয় দলের ব্যাটারকে পিএসএলের দু’টি ম্যাচ নিলম্বিত (সাসপেন্ড) করেছেন ম্যাচ রেফারি রোশন মহানামা।

Advertisement

পিএসএলের লাহৌর কলন্দর্স বনাম করাচি কিংস ম্যাচে বল বিকৃতির অভিযোগ ওঠে। জয়ের জন্য শেষ ওভারে করাচির দরকার ছিল ১৪ রান। সেই ওভার শুরুর আগে লাহৌরের অধিনায়ক শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং জ়মান একসঙ্গে আলোচনা করছিলেন। তাঁদের কাছেই ছিল বল। বলটি নিয়ে তাঁরা একে অপরকে দিচ্ছিলেন। সকলেই হাতের তালুতে লুকিয়ে রাখছিলেন বল। বিষয়টি দেখে সন্দেহ হয় ম্যাচের অন্যতম আম্পায়ার ফয়জ়ল আফ্রিদির। তিনি বলটি চেয়ে নেন। অন্য আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করেন। বল দেখে তাঁদের মনে হয়, সেটি বিকৃত করা হয়েছে। দুই আম্পায়ার বল পরিবর্তন করেন এবং করাচিকে ৫ রান দেন। এই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি মহানামাকে দেন দুই আম্পায়ার।

রিপোর্টের ভিত্তিতে ঘটনার ফুটেজ দেখে মহানামা শুনানিতে ডেকে পাঠান জ়মানকে। সেখানে নিজেকে নির্দোষ বলে দাবি করেন পাক ব্যাটার। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। তা-ও মহানামা তাঁকে পিএসএলের আচরণবিধির ২.১৪ ধারা অনুযায়ী ‘লেভেল থ্রি’ অপরাধে দোষী সাব্যস্ত করেন। প্রথম শুনানিতে যদিও তিনি শাস্তি ঘোষণা করেননি। মঙ্গলবার দ্বিতীয় শুনানির পর জ়মানকে পিএসএলের দু’টি ম্যাচ নিলম্বিত করেছেন ম্যাচ রেফারি। ফলে লাহৌরের হয়ে পিএসএলের পরের দু’টি ম্যাচ খেলতে পারবেন না জ়মান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement