সতীর্থদের সঙ্গে মহম্মদ নওয়াজ় (বাঁ দিক থেকে দ্বিতীয়)। —ফাইল চিত্র।
আবার বিতর্কে পাকিস্তানের ক্রিকেট। এ বার মাদককাণ্ডে জড়িয়ে গেল সে দেশের এক ক্রিকেটারের নাম। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দলে ছিলেন মহম্মদ নওয়াজ়। সেই প্রতিযোগিতা চলাকালীন তিনি মাদক সেবন করেছিলেন বলে অভিযোগ। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে চুপ পাকিস্তান ক্রিকেট বোর্ড।
‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, বিশ্বকাপের সময় নওয়াজ়ের নমুনা নেওয়া হয়েছিল। সেখানেই নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে। যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তা হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে নওয়াজ়কে। নির্বাসিত হতে পারেন পাক ক্রিকেটার। নওয়াজ়কে নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানের সমর্থকেরাও নিন্দা শুরু করেছেন। তাঁদের দাবি, নওয়াজ়ের এই কাণ্ড পাকিস্তানের ক্রিকেটের মুখ আরও পোড়াল।
এখন পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে খেলছেন নওয়াজ়। তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে মুখ খোলেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনকি, তাঁকে সারের হয়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়া হয়েছে। এই সপ্তাহেই সারে তাঁর যোগদানের খবর জানাত। কিন্তু এই খবর প্রকাশিত হওয়ার পর নওয়াজ়ের চুক্তি খারিজ করে দিয়েছে ইংল্যান্ডের ক্লাব। এ বার আর সারের হয়ে খেলা হবে না নওয়াজ়ের।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সাতটি ম্যাচেই খেলেছিলেন নওয়াজ়। মাত্র সাত উইকেট পেয়েছিলেন তিনি। করেছিলেন মাত্র ১৫ রান। ব্যাটে-বলে তেমন কিছু করতে পারেননি এই বাঁহাতি অলরাউন্ডার। এ বার নতুন ঝামেলায় পড়েছেন তিনি।
পাকিস্তান ক্রিকেটে অবশ্য এই ঘটনা নতুন নয়। ১৯৯৩ সালে পাকিস্তানের চার ক্রিকেটার ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, আকিব জাভেদ ও মুস্তাক আহমেদকে গ্রেফতার করা হয়েছিল। সফরে গিয়ে মাদক রাখার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। এ বার সেই মাদক নিয়ে বিতর্কে আরও এক পাক ক্রিকেটার।