ICC T20 World Cup 2026

মারকাটারি লড়াইয়ের অপেক্ষায় ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল, সেরা দ্বৈরথ হবে কোন দু’জনের মধ্যে?

মোট ২২ জন ক্রিকেটার খেলবেন বৃহস্পতিবারের সেমিফাইনালে। ভারত এবং ইংল্যান্ড দু’দলের ১১ জন ক্রিকেটারের মধ্যে কোন দু’জনের লড়াই সবচেয়ে হা়ড্ডাহাড্ডি হতে চলেছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৩:৩০
Share:

(বাঁ দিকে) ভারতীয় দল, ইংল্যান্ড দল (ডান দিকে) । গ্রাফিক: আনন্দবাজার ডট কম

ইংরেজ অধিনায়ক হ্যারি ব্রুক ফর্মে রয়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক জসপ্রীত বুমরাহ। বৃহস্পতিবারের সেমিফাইনালে কি এই দু’জনের লড়াই-ই সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে?

Advertisement

তেমন মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রাক্তন অফস্পিনার অন্য একটি লড়াইকে সকলের চেয়ে এগিয়ে রাখলেন। সেই লড়াইয়ে তিনি ভারতের জোরে বোলারকে রাখেননি, ইংল্যান্ডের অধিনায়ককেও রাখেননি।

অশ্বিন জানিয়েছেন, ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ বনাম ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের দ্বৈরথই সেমিফাইনালের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে চলেছে। রশিদ এই বিশ্বকাপে ভাল ফর্মে রয়েছেন। মোট ১১টি উইকেট নিয়েছেন। ওভারপিছু রান দিয়েছেন আটের কম। অশ্বিনের বিশ্বাস, সূর্যকুমারই পারেন তাঁকে রুখে দিতে।

Advertisement

নিজের শো ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, ‘‘ইংল্যান্ডের বোলিংয়ের বিরুদ্ধে সূর্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। রশিদ খুব ধীর গতিতে বল করছে। ওকে মারতে হলে সুইপ শট খেলতে হবে, আর সেটা করার জন্য সূর্যই সেরা ব্যাটার। আমি এই দ্বৈরথটার দিকেই তাকিয়ে আছি।’’

কিন্তু সূর্য তো ফর্মেই নেই। একটি অপরাজিত ৮৪ রানের ইনিংস খেললেও এই বিশ্বকাপে তাঁর গড় ৩৮.৫০। স্ট্রাইক রেট ১৩৫.৮৮। আহামরি কিছু নয়। গুরুত্ব দিতে নারাজ অশ্বিন। বলেন, ‘‘আমি সূর্যের জায়গায় থাকলে মোটেও চিন্তিত হতাম না। আমি দলের অধিনায়ক। চিন্তার কিছু নেই। এটা ঠিক যে ওর ফর্ম এখন কিছুটা ওঠানামা করছে। গত দু’-তিনটে ম্যাচে ও রান পায়নি ঠিকই, কিন্তু ঘুরে দাঁড়ানোর সেরা উপায় হল খেলার কৌশলে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকা। ওকে কৌশলগত ভাবে ভাবতে হবে। আমি নিশ্চিত, ও নিশ্চয়ই নিজের হোমওয়ার্ক সেরে রেখেছে। আমার মনে হয় একদম পরিষ্কার এবং শান্ত মন নিয়ে ওর মাঠে নামা উচিত। ওর ব্যাটিং নিয়ে আমি কোনও দুশ্চিন্তা করছি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement