IPL 2026

বৈভবের তাণ্ডবে প্লেঅফের আরও কাছে রাজস্থান, লখনউকে হারিয়ে কেকেআরকে চাপে ফেলে দিলেন যশস্বীরা

১৩ ম্যাচে ১৪ পয়েন্টে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। চতুর্থ স্থানে উঠে এল তারা। ফলে চাপ বাড়ল কলকাতা নাইট রাইডার্সের। ভাল শুরু করেও জিততে পারল না ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ২৩:২৬
Share:

বৈভব সূর্যবংশী। ছবি: বিসিসিআই।

লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলের প্লেঅফের দৌড়ে কিছুটা সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগেই চাপে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার প্রথমে ব্যাট করে ঋষভ পন্থেরা করেন ৫ উইকেটে ২২০। জবাবে ১৯.১ ওভারে ৩ উইকেটে ২২৫ রাজস্থান। এই ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকায় চারে উঠে এল রাজস্থান।

Advertisement

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এ দিন রাজস্থানকে নেতৃত্ব দেওয়া যশস্বী জয়সওয়াল। জয়পুরের ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ ভাল ভাবেই কাজে লাগান লখনউয়ের ব্যাটারেরা। তা-ও শেষ পর্যন্ত প্রত্যাশা মতো রান তুলতে পারলেন না পন্থেরা। এক সময় মনে হচ্ছিল লখনউ ২৪০-৫০ রান তুলে ফেলবে। কিন্তু ২২০ রানেই থেমে যায় তাদের ইনিংস।

আগ্রাসী মেজাজে শুরু করেন মিচেল মার্শ এবং জশ ইংলিস। দুই ওপেনারই চালিয়ে খেলেন। মার্শ নিশ্চিত শতরান হাতছাড়া করলেন। ৫৭ বলে ১১টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে করলেন ৯৬ রান। ইংলিস খেলেন ২৯ বলে ৬০ রানের ইনিংস। ৭টি চার এবং ৩টি ছক্কা মারেন। লখনউ প্রথম উইকেটের জুটিতে ৮.২ ওভারে ১০৯ রান তুলে ফেলে। ভাল ব্যাট করেন পন্থও। চার নম্বরে নেমে তিনি করেন ২৩ বলে ৩৫। ২টি করে চার এবং ছয় মারেন। তবে রান পেলেন না তিন নম্বরে নামা নিকোলাস পুরান (১৬)। রাজস্থানের বোলারদের মধ্যে সফলতম যশ রাজ পুঞ্জা ৩৫ রানে ২ উইকেট নিলেন। ৩৯ রানে ১ উইকেট জফ্রা আর্চারের।

Advertisement

জয়ের জন্য ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী এবং বৈভব সূর্যবংশীও। যশস্বী করলেন ২৩ বলে ৪৩। ৮টি চার এবং ১টি ছয় মেরেছেন তিনি। মার্শের মতোই নিশ্চিত শতরান মাঠে ফেলে এল বৈভবও। ৩৮ বলে ৯৩ রান করে দলের লক্ষ্য সহজ করে দেয় ১৫ বছরের ব্যাটার। তার ইনিংসে রয়েছে ৭টি চার এবং ১০টি ছক্কা। ভাল খেললেন ধ্রুব জুরেলও। তাঁর ব্যাট থেকে এল ৩৮ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস। মারলেন ৩টি চার এবং ৩টি ছয়। শেষে ডনোভান ফেরেইরা করলেন অপরাজিত ১৬ রান। লখনউয়ের সফলতম বোলার মহসিন খান ৩১ রানে ১ উইকেট নিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement