Gautam Gambhir and Ricky Ponting

‘গম্ভীর বদরাগী, তাই ওর কথায় অবাক নই’, ভারতের কোচকে পাল্টা খোঁচা পন্টিংয়ের

বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করায় রিকি পন্টিংয়ের উপর রেগে গিয়েছিলেন গৌতম গম্ভীর। প্রশ্ন তুলেছিলেন, কেন কোহলিকে নিয়ে এত চিন্তিত পন্টিং। সেই মন্তব্যের পাল্টা দিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গম্ভীরকে উল্লেখ করলেন ‘বদরাগী চরিত্র’ হিসাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১২:২৭
Share:

(বাঁ দিকে) গৌতম গম্ভীর। রিকি পন্টিং (ডান দিকে)। — ফাইল চিত্র।

বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করায় রিকি পন্টিংয়ের উপর রেগে গিয়েছিলেন গৌতম গম্ভীর। ভারতের কোচ প্রশ্ন তুলেছিলেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার হয়েও কেন কোহলিকে নিয়ে এত চিন্তিত পন্টিং। সেই মন্তব্যের পাল্টা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। গম্ভীরকে উল্লেখ করলেন ‘বদরাগী চরিত্র’ হিসাবে। পাশাপাশি জানালেন, কোনও ভাবেই কোহলিকে খাটো করে দেখানোর উদ্দেশ্য ছিল না তাঁর।

Advertisement

অস্ট্রেলিয়ার এক চ্যানেলে পন্টিং বলেছেন, “ওর প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়ে গিয়েছি। তবে গৌতম গম্ভীরকে আমি চিনি। বেশ বদরাগী চরিত্রের মানুষ। তাই ও যে আমার কথার ও ভাবে উত্তর দিয়েছে তাতে আমি অবাক নই।”

পন্টিং আরও বলেছেন, “কোহলিকে কোনও ভাবে কটাক্ষ করতে চাইনি। আমি বলেছিলাম কোহলি অস্ট্রেলিয়ায় ভাল খেলেছে এবং সে দেশেই ও ফর্মে ফিরতে চাইবে। যদি বিরাটকে জিজ্ঞাসা করেন, তা হলে ও নিশ্চয়ই বলবে যে আগের মতো শতরান করতে না পারা নিয়ে ও কতটা চিন্তায়। ছোট ছোট জিনিস নিয়েও যে কত কী হয়ে যায় সেটাই মাঝে মাঝে ভাবি। কোহলি দারুণ ক্রিকেটার। অতীতে অস্ট্রেলিয়ায় ভাল খেলেছে।”

Advertisement

এ বছর কোহলি সব ফরম্যাট মিলিয়ে ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২৫টি ইনিংসে ৪৮৮ রান করেছেন তিনি। গড় মাত্র ২০.৩৩।

অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে গম্ভীর বলেছিলেন, “ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের কী কাজ? আমার মনে হয় ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত। বিরাট, রোহিতকে নিয়ে তো ওর চিন্তা করার কোনও কারণই নেই।” আরও এক বার ভারতের দুই সিনিয়র খেলোয়াড়ের রানের খিদের কথা শোনা গিয়েছিল গম্ভীরের মুখে। তিনি বলেছিলেন, “ওরা ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। ওদের সাফল্যের কথা সকলেই জানে। এখনও ওদের অনেক কিছু দেওয়ার আছে। ওদের রানের খিদে এখনও প্রথম দিনের মতো। এর থেকেই বোঝা যায় যে, ওরা দলকে জেতাতে চায়। এই রানের খিদেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি ওরা তাড়াতাড়ি বড় রানে ফিরবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement