ICC T20 World Cup 2026

ইডেনে হ্যাটট্রিক, পাঁচ বলে ৪ উইকেট শেফার্ডের! স্কটল্যান্ডকে ৩৫ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ়

ইডেনে স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ়। বল হাতে নায়ক রোমারিয়ো শেফার্ড। ৫ উইকেট নিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১২
Share:

ওয়েস্ট ইন্ডিজ়ের জয়ের দুই নায়ক রোমারিয়ো শেফার্ড (বাঁ দিকে) ও শিমরন হেটমায়ার। ছবি: পিটিআই।

একটা সময় মনে হচ্ছিল, অঘটন ঘটাতে চলেছে স্কটল্যান্ড। কিন্তু রোমারিয়ো শেফার্ডের এক ওভার পুরো ছবিটা বদলে দিল। ইডেনে স্কটল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ়। জবাবে ১৪৭ রানে অল আউট হয়ে যায় স্কটল্যান্ড। ৩৫ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ়। বল হাতে নায়ক শেফার্ড। হ্যাটট্রিক-সহ ৫ উইকেট নিয়েছেন তিনি।

Advertisement

প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের দুই ওপেনার ব্রেন্ডন কিং ও শাই হোপের মধ্যে অর্ধশতরানের জুটি হয়। তবে রান তোলার গতি খুব বেশি ছিল না। পাওয়ার প্লে-র পর রান তোলার গতি বাড়াতে গিয়ে ২২ বলে ১৯ রানে আউট হন হোপ। কিং করেন ৩০ বলে ৩৫ রান। তিন নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের রান তোলার গতি বাড়ান শিমরন হেটমায়ার। একের পর এক বড় শট মারতে থাকেন তিনি। তাঁকে সঙ্গ দেন রভম্যান পাওয়েল ও শারফেন রাদারফোর্ড।

৩৬ বলে ৬৪ রান করেন হেটমায়ার। পাওয়েল ১৪ বলে ২৪ ও রাদারফোর্ড ১৩ বলে ২৬ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement

স্কটল্যান্ডের শুরুটা ভাল হয়নি। দ্বিতীয় ওভারেই আউট হন মাইকেল জোন্স (১)। জর্জ মুনসে (১৯) ও ব্রেন্ডন ম্যকুলেনও (১৪) রান পাননি। স্কটল্যান্ডকে খেলায় ফেরান অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস। দু’জনের মধ্যে ৪৬ বলে ৭৮ রানের জুটি হয়। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে আউট হন দু’জন। বেরিংটন ২৪ বলে ৪২ ও ব্রুস ২৮ বলে ৩৫ রান করেন।

শেষ ২৪ বলে ৫১ রান দরকার ছিল স্কটল্যান্ডের। টি-টোয়েন্টিতে এই রান অসম্ভব নয়। বিশেষ করে ইডেনের আউটফিল্ড সুবিধা দেয় ব্যাটারদের। কিন্তু সেখানেই নায়ক হয়ে ওঠেন শেফার্ড। ১৭তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ম্যাথু ক্রস, মাইকেল লিয়াস্ক ও অলিভের ডেভিডসনকে ফেরান তিনি। হ্যাটট্রিক করেন তিনি। দু’বল পরে সাফিয়ান শরিফকে আউট করে খেলার ফল নিশ্চিত করে দেন তিনি।

১৮.৫ ওভারে ১৪৭ রানে স্কটল্যান্ড অল আউট হয়ে যায়। শেফার্ড ৩ ওভারে ২০ রান দিয়ে ৫ উইকেট নেন। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন জেসন হোল্ডার। ৩৫ রানে জিতে বিশ্বকাপ শুরপ হল ওয়েস্ট ইন্ডিজ়ের। ম্যাচ হারলেও লড়াইয়ের ইঙ্গিত দিল স্কটল্যান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement