Bangladesh vs Pakistan

পাকিস্তান-বাংলাদেশ ম‍্যাচে বিতর্ক! রান আউট হয়ে ক্ষুব্ধ সলমন মাঠে হেলমেট, গ্লাভস আছড়ে মারলেন, হাসপাতালে তালাত

বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে দেখা গেল অদ্ভুত রান আউট। যার জেরে বিতর্ক তৈরি হল ম্যাচে। যে ভাবে রান আউট করা হয়েছে তাতে একটুও খুশি হননি সলমন আঘা। রাগের চোটে হেলমেট, গ্লাভস মাটিতে আছাড় মারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২২:২৭
Share:

রান আউটের ঠিক আগের মুহূর্ত। ছবি: সমাজমাধ্যম।

বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় ম্যাচে দেখা গেল অদ্ভুত রান আউট। যার জেরে বিতর্ক তৈরি হল। পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাকে রান আউট করেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। তবে যে ভাবে রান আউট করা হয়েছে তাতে একটুও খুশি হননি সলমন। রাগের চোটে তিনি হেলমেট, গ্লাভস মাটিতে আছড়ে মারেন। এ দিকে, একটি বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পেলেন পাকিস্তানের হুসেন তালাত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে ঘটনাটি ঘটে। মেহেদির বল রক্ষণ করেন মহম্মদ রিজ়ওয়ান। নন-স্ট্রাইকারের ক্রিজ় থেকে বেরিয়ে দাঁড়িয়েছিলেন সলমন। মেহেদি পা দিয়ে বল আটকাতে যান। তখন সলমনের সঙ্গে সঙ্ঘর্ষ হয় তাঁর। সলমন ভেবেছিলেন বলটি ‘ডেড’ হয়ে গিয়েছে। তিনি হাত দিয়ে বলটি তুলতে যান। তার আগেই মেহেদি ছোঁ মেরে বলটি তুলে নিয়ে উইকেট ভেঙে দেন। সঙ্গে সঙ্গে আম্পায়ারের কাছে রান আউটের আবেদন করেন।

মাঠের আম্পায়ার তনবীর আহমেদ নিজে আউট না দিয়ে সেটি তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান। মেহেদির আচরণে অবাক হয়ে যান সলমন। উল্টো দিক থেকে প্রতিবাদ করতে করতে এগিয়ে আসেন রিজ়ওয়ান। তাঁর সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন লিটন দাস। আম্পায়ারেরা এসে দু’জনকে সরিয়ে দেন।

Advertisement

কিছু ক্ষণ পর তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা জানান, সলমন আউট। কারণ উইকেট ভাঙার সময় তিনি ক্রিজ়ের বাইরে ছিলেন। ৬৪ রানে ব্যাট করতে থাকা সলমন ছন্দে ছিলেন। এগিয়ে যাচ্ছিলেন শতরানের দিকে। এ ভাবে আউট হয়ে হতাশায় হেলমেট এবং গ্লাভস খুলে মাটিতে আছড়ে ফেলেন। তাঁকে শান্ত করে সাজঘরে পাঠান রিজ়ওয়ান। যদিও সমর্থকদের মতে, ক্রিজ় থেকে বেরিয়ে ভুলটা করেছেন সলমনই।

এ দিকে, বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে চোট পান তালাত। মহম্মদ ওয়াসিমের বলে কভারে শট মেরেছিলেন লিটন। সেই বল বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান তালাত। বিজ্ঞাপনী বোর্ডে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন তিনি।

সঙ্গে সঙ্গে স্ট্রেচার ডাকা হয়। সেটি করে তাঁকে অ্যাম্বুল্যান্সে ওঠানো হয়। পরে পাকিস্তান বোর্ড একটি বিবৃতিতে জানায়, প্রাথমিক চিকিৎসার পর তালাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও পরীক্ষার পর তাঁর চোট সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ২৭৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। দুই ওপেনার সাহিবজ়াদা ফারহান এবং মাজ় সাদাকাত শুরুটা ভালই করেছিলেন। ওপেনিং জুটিতে ১০৩ উঠে যায়। ৪৬ বলে ৭৫ করেন সাদাকাত। এর পর দ্রুত তিনটি উইকেট হারালেও রিজ়ওয়ান (৪৪) এবং সলমন মিলে ১০৯ রানের জুটি গড়েন। শেষের দিকে একের পর এক উইকেট হারায় পাকিস্তান।

রান তাড়া করতে নেমে ১৫ রানের মধ্যে বাংলাদেশের ৩ উইকেট পড়ে যায়। এর পর বৃষ্টির জন্য ১৩৩ মিনিট খেলা বন্ধ থাকে। তার পর বাংলাদেশের লক্ষ্য কমে দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩। তারা ১১৪ রানে অলআউট হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement