ICC T20 World Cup 2026

হার দিয়ে বিশ্বকাপে অভিষেক ইটালির, ইডেনে ৭৩ রানে জিতল বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ড

অভিষেক ভাল হল না ইটালির। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৭৩ রানে হারল তারা। গোদের উপর বিষফোড়া অধিনায়কের গুরুতর চোট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৪
Share:

চোট পেয়ে মাঠ ছাড়ছেন ইটালির অধিনায়ক ওয়েন ম্যাডসেন (বাঁ দিকে)। সঙ্গে দলের ফিজিয়ো। ছবি: পিটিআই।

এতটা একপেশে লড়াই হবে তা বোঝা যায়নি। বিশেষ করে যেখানে যোগ্যতা অর্জন পর্বে ইটালির কাছে স্কটল্যান্ড হেরেছিল, সেখানে বিশ্বকাপে যে এ ভাবে স্কটল্যান্ড তাদের হারাবে তা বোঝা যায়নি। কিন্তু ইডেনে আদতে সেটাই দেখা গেল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান করল স্কটল্যান্ড। জবাবে ইটালির ইনিংস শেষ হল ১৩৪ রানে। ৭৩ রানের বিশাল ব্যবধানে জিতল স্কটল্যান্ড।

Advertisement

ইটালির কাছে হেরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শেষ হয়ে গিয়েছিল স্কটল্যান্ডের। কিন্তু বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ায় শেষ মুহূর্তে সুযোগ পায় তারা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে হারাতে না পারলেও যোগ্যতা অর্জন পর্বে ইটালির কাছে হারের বদলা বিশ্বকাপে নিল তারা।

স্কটল্যান্ডের ইনিংসের শুরুতেই ইটালি বড় ধাক্কা খায়। মিড অফে বল বাঁচাতে ডাইভ দেন দলের অধিনায়ক ওয়েন ম্যাডসেন। তাঁর কাঁধে লাগে। যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। ফিজিয়ো মাঠে যান। পরে দেখা যায়, বাঁ দিকের কাঁধে একটি স্লিং ঝুলিয়ে মাঠ ছেড়ে বার হচ্ছেন তিনি। পরে ধারাভাষ্যকারের জানান, ম্যাডসেনের কাঁধের হাড় সরে গিয়েছে। ফলে এই ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি ম্যাডসেন। তিনি ইটালির পরবর্তী ম্যাচেও খেলতে পারবেন কি না, তা জানা যায়নি।

Advertisement

অধিনায়ক মাঠে না থাকলে দল ছন্নছাড়া হয়ে যায়। বিশেষ করে ফিল্ডিংয়ের সময়। ইডেনে ইটালির সঙ্গে সেটাই হল। স্কটল্যান্ডের ওপেনিং জুট ভাঙতে হিমশিম খেল তারা। জর্জ মুনসে ৫৪ বলে ৮৪ রান করেন। শতরানের সুযোগ হাতছাড়া করেন তিনি। মাইকেল জোন্স করেন ৩০ বলে ৩৭ রান। তিন নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন ব্রেন্ডন ম্যাকমুলেন। ১৮ বলে ৪১ রান করেন তিনি।

একটা সময় মনে হচ্ছিল, হাসতে হাসতে ২০০ পার হবে ইটালির। কিন্তু পর পর কয়েকটি উইকেট পড়ায় সেই সম্ভাবনা কমে যায়। শেষ ওভারে টমাস ড্রাকার পাঁচ বলে ২২ রান নেন মাইকেল লিয়াস্ক। ফলে স্কটল্যান্ডের ইনিংস শেষ হয় ২০৭ রানে।

জবাবে ইটালির হয়ে ওপেন করতে নামেন দুই ভাই জাস্টিন ও অ্যান্থনি মোসকা। প্রথম বলেই জাস্টিনকে আউট করেন লিয়াস্ক। অ্যান্থনি করেন ১৩ রান। অধিনায়ক ম্যাডসেন না থাকায় ইটালির ইনিংস অনেকটাই নির্ভর করছিল জেজে স্মাটসের উপর। তিনি ভাল শুরু করলেও ১১ বলে ২২ রান করে আউট হন।

ইটালির দলে থাকা আরও দুই ভাই হ্যারি ও বেন মানেন্টি লড়াই করেন। তাঁরা যত ক্ষণ ক্রিজ়ে ছিলেন, আশা ছিল। কিন্তু ২৫ বলে ৩৭ রান করে আউট হন হ্যারি। বেন ৩১ বলে ৫২ রান করেন। বেন আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইটালির ব্যাটিং। ১৬.৪ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে যায় গোটা দল। ৭৩ রানে ম্যাচ জেতে স্কটল্যান্ড। ব্যাটে ঝোড়ো ইনিংসের পর বল হাতেও নজর কাড়লেন লিয়াস্ক। চার ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement