India Vs West Indies

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্ট ড্র, বৃষ্টিতে ধুয়ে গেল খেলা, সিরিজ় রোহিতদের

বৃষ্টির জেরে পঞ্চম দিনে এক বলও হল না। তার ফলে ত্রিনিদাদে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে দ্বিতীয় টেস্ট ড্র হল। ডমিনিকায় প্রথম টেস্ট জেতায় ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ় জিতল ভারত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৩ ০০:২৪
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র

চতুর্থ দিনের শেষে লক্ষ্য পরিষ্কার ছিল দু’দলের কাছেই। দ্বিতীয় টেস্ট জিততে ভারতের দরকার ছিল ৮ উইকেট। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ়কে করতে হত ২৮৯ রান। কিন্তু এক বলও হল না ত্রিনিদাদের কুইনস্‌ পার্ক ওভালে। সারা দিন ধরে বৃষ্টি হল। তার ফলে ভেস্তে গেল পঞ্চম দিনের খেলা। ড্র করেই সন্তুষ্ট থাকতে হল দু’দলকে। পরিস্থিতি অনুযায়ী ভারতের জেতার সুযোগ ছিল বেশি। তাই বেশি হতাশ রোহিত শর্মারা। পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল তাঁদের।

Advertisement

২০২৩-২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ়ে প্রথম টেস্ট জিতে পুরো ১২ পয়েন্ট পেয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় দু’দলই ৪ পয়েন্ট করে পেল। ফলে ভারতের পয়েন্ট হল ১৬। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট ৪।

শুধু পঞ্চম দিন নয়, বৃষ্টির জেরে শেষ তিন দিন ভুগতে হয়েছে রোহিতদের। তৃতীয় ও চতুর্থ ইনিংসে বৃষ্টিতে প্রায় ৩০ ওভার করে খেলা নষ্ট হয়েছে। তার পরেও খেলার ফল হতে পারত। এই পরিস্থিতি ভারতই তৈরি করেছিল। চতুর্থ দিন প্রথমে মাত্র ৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস শেষ করে দেন ভারতীয় পেসারেরা। পরে ২৪ ওভারে ১৮১ রান করে ডিক্লেয়ার করে দেয় ভারত। ফলে খেলা তৈরি হয়েছিল। কিন্তু তার পরেও বৃষ্টির কাছে জিততে পারলেন না রোহিতেরা।

Advertisement

পঞ্চম দিন খেলার আগে থেকেই বৃষ্টি পড়ছিল। ফলে হোটেল থেকে দেরিতে মাঠে যায় দু’দল। তত ক্ষণে খেলা শুরুর সময় পেরিয়ে গিয়েছে। বৃষ্টির জন্য মধ্যাহ্নভোজের বিরতি নির্ধারিত সময়ের আগে নিয়ে নেওয়া নয়। একটা সময় বৃষ্টি থেমেছিল। কিন্তু মাঠে জল জমে থাকায় খেলা শুরু হতে দেরি হয়। মাঠকর্মীরা অনেক চেষ্টা করেন। কিন্তু খেলা শুরুর আগে আবার বৃষ্টি শুরু হয়। শুধু তাই নয়, বাজ পড়তে থাকে। ফলে ক্রিকেটারদের সুরক্ষার দিকও দেখতে হচ্ছিল আম্পায়ারদের।

ম্যাচের ফল পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় খেলতে হত দু’দলকে। কিন্তু বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী করতে কতটা সময় লাগবে সেটা বোঝা যাচ্ছিল না। ফলে দু’দলের অধিনায়কের সঙ্গে কথা বলে খেলা ড্র ঘোষণা করেন আম্পায়ারেরা। প্রথম টেস্ট ইনিংস ও ১৪১ রানে জিতেছিল ভারত। সেই সুবাদে ১-০ ব্যবধানে সিরিজ় জিতলেন রোহিতেরা।

Advertisement

রবিবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজ়ের চতুর্থ টেস্টেও একই ঘটনা ঘটেছে। বৃষ্টির কারণে ম্যাঞ্চেস্টারে পঞ্চম দিন খেলা শুরু করা যায়নি। ফলে টেস্ট ড্র হয়েছে। ২-১ এগিয়ে থাকায় অ্যাশেজ ধরে রেখেছে অস্ট্রেলিয়া। জয়ের সুযোগ বেশি থাকলেও হতাশ হতে হয়েছে ইংল্যান্ডকে। সেই একই ঘটনা এ বার ঘটল ওয়েস্ট ইন্ডিজ়ের ত্রিনিদাদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement