IPL 2026

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! পন্থের মন্তব্য কি বিপদে ফেলে দিল লখনউকে?

কলকাতা নাইট রাইডার্সের কাছে সুপার ওভারে হারার পর সমালোচনা শুরু হয়েছে ঋষভ পন্থদের। লখনউ সুপার জায়ান্টস অধিনায়কের একটি মন্তব্য দলের পরিবেশ নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২০:২৬
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

আইপিএলে হেরেই চলেছে লখনউ সুপার জায়ান্টস। আটটি ম্যাচ খেলে ঋষভ পন্থেরা জিতেছেন দু’টিতে। কেকেআরের কাছে হারের পর পন্থের একটি মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। শন পোলকের মতো প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, দলের ব্যর্থতার দায় পন্থ ঘুরিয়ে লখনউ কর্তৃপক্ষের ঘাড়ে ঠেলে দিয়েছেন।

Advertisement

কেকেআর ম্যাচের পর পন্থ একটি প্রশ্নের উত্তরে মন্তব্য করেছিলেন, ‘‘অতিরিক্ত ভাবনা-চিন্তা বাস্তব পরিস্থিতিকে কঠিন করে তোলে।’’ তিনি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হচ্ছে। দলের মাথারা একেক জন একেক রকম মতামত দেওয়ায় আসল কাজ ঠিক মতো হচ্ছে না।

পন্থের এই মন্তব্য নিয়ে পোলকের মতে, অধিনায়কের মুখে এমন কথা আদর্শ পরিস্থিতিকে ইঙ্গিত করে না। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘লখনউ অধিনায়কের মুখে আমরা যে কথা শুনেছি, সেটা ভাল না। ও বলতে চেয়েছে, বহু লোকের কথা শুনে ওকে চলতে হচ্ছে। পন্থ আসলে লখনউ কর্তৃপক্ষকেই সমস্যায় ফেলে দিয়েছে।’’ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন, ‘‘আমরা জানি না, ওদের কী ভাবে কাজ হয়। মনে হচ্ছে, সমস্যাটা সেখানেই। পন্থ হয়তো বুঝতে পারছে না, চূড়ান্ত সিদ্ধান্ত কার হাতে। বাইরে থেকে বলা সম্ভব নয়, কারা ওর সঙ্গে কথা বলেন বা মতামত দেন বা আলোচনা করেন।’’

Advertisement

লখনউ কর্তৃপক্ষের একাংশ দলের কাজে অতিরিক্ত হস্তক্ষেপ করেন, এমন অভিযোগ আগেও শোনা গিয়েছে। লোকেশ রাহুলের ঘটনাও ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। পন্থও কি তেমন কিছুই বোঝাতে চেয়েছেন? কেকেআর ম্যাচের পর নতুন জল্পনা শুরু হয়েছে লখনউ শিবিরের পরিবেশ নিয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement