ICC T20 World Cup 2026

ভারতের বিশ্বকাপ জয় হজম হচ্ছে না পাকিস্তানের! ‘বড়লোকের বখাটে ছেলে, ক্রিকেটটাই শেষ করে দিচ্ছে’, খোঁচা শোয়েব আখতারের

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও পাকিস্তানের দিক থেকে সমালোচনা থামছে না। আবার ভারতীয় দলকে খোঁচা মেরেছেন শোয়েব আখতার। তবে সুর বদলে ফেলেছেন মহম্মদ আমির।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১১:১৪
Share:

শোয়েব আখতার। —ফাইল চিত্র।

ভারতকে শুভেচ্ছা জানালেও খোঁচা মারতে ছাড়লেন না শোয়েব আখতার। সূর্যকুমার যাদবেরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেও থামছেন না তিনি। তবে কি ভারতের বিশ্বজয় হজম হচ্ছে না আখতারের? তিনি খোঁচা মারলেও সুর বদলে ফেলেছেন মহম্মদ আমির। ভবিষ্যদ্বাণী ঠিক না হওয়ায় কি পুরো ঘুরে গেলেন তিনি?

Advertisement

ভারত বিশ্বকাপ জেতার পর পাকিস্তানের এক সংবাদমাধ্যমে বিশ্লেষকের ভূমিকায় থাকা আখতার বলেন, “ভারতের হাল এখন বড়লোকের বখাটে ছেলেদের মতো। পাড়ায় এ রকম ছেলে থাকে, যে গরিব ছেলেদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি। ব্যাট-বল-উইকেট সব আমার। আমিই জিতব। ভারত এটাই করছে। আমাদের সঙ্গেও করছে। সকলের সঙ্গেই করছে। ওরা ক্রিকেটটাই শেষ করে দিচ্ছে।”

আখতারের মতে, সেমিফাইনাল ও ফাইনালে ভারতকে প্রথমে ব্যাট করতে বলে খেলা সূর্যকুমারদের হাতে তুলে দিয়েছে প্রতিপক্ষ। বোলিংয়েও কোনও পরিকল্পনা দেখা যায়নি। তিনি বলেন, “যে দল রান তাড়া করতে সমস্যায় পড়ছে, তাকে শুরুতে ব্যাট করতে পাঠানোর কোনও যুক্তি নেই। শুরুতেই ভারতের হাতে খেলা তুলে দেওয়া হচ্ছে। পেসারেরা মাথা লক্ষ্য করে বল করছে না। ব্যাটের সামনে বল পড়ছে। তা হলে ভারত জিতবে না কেন? ওদের সামনে থালা এগিয়ে দেওয়া হচ্ছে। ওরা যা করার সেটাই করছে।”

Advertisement

আখতারের কথা থেকে স্পষ্ট, তিনি বোঝাতে চেয়েছেন, আইসিসিতে ভারতের প্রভাবের কারণে দলের এই সাফল্য। শুধু আখতার নন, এই অভিযোগ পাকিস্তানের অনেক প্রাক্তন ক্রিকেটার করেছেন। এখনও করছেন। কিন্তু নিজেদের দেশের খারাপ হালের বিষয়ে তাঁদের কোনও নজর নেই। ভারতের সমালোচনাতেই ব্যস্ত তাঁরা।

এ বারের বিশ্বকাপের শুরু থেকে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছেন আমির। কখনও অভিষেক শর্মাকে ‘স্লগার’ (যিনি চোখ বন্ধ করে ব্যাট চালান) বলেছেন। শেষ তিন ম্যাচের আগেই বলেছেন, ভারত হারবে। কিন্তু তিনটিই জিতেছে ভারত। সূর্যেরা চ্যাম্পিয়ন হওয়ার পর অবশ্য সুর বদলেছে আমিরের।

একটি অনুষ্ঠানে আমিরকে সঞ্চালক জিজ্ঞাসা করেন, “আপনার ভবিষ্যদ্বাণী তো মিলল না। ভারত তো জিতে গেল। এ বার কী বলবেন?” জবাবে আমির বলেন, “ভারত জিতে গিয়েছে তো কী হয়েছে? ট্রফি ওরা নিজেদের সঙ্গে নিয়ে যাবে। আমার বাড়ি তো আনবে না।” পরেই অবশ্য সূর্যদের খেলার প্রশংসাও করেছেন তিনি। আমির বলেন, “শেষ তিনটে ম্যাচে ভারত ভাল ক্রিকেট খেলেছে। ফাইনালে একতরফা হারিয়েছে। খুব ভাল খেলেছে। দেখে মনে হল, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ওরা অনুশীলন করছে। ভারতকে শুভেচ্ছা।”

আমির পাশে পেয়েছেন আহমেদ শেহজ়াদকে। তিনি জানিয়েছেন, ক্রিকেটীয় বিশ্লেষণ করতে গিয়ে আমিরের মনে হয়েছিল, ভারত হয়তো জিততে পারবে না। কারও উপর রাগ বা হিংসা থেকে এ কথা বলেননি তিনি। সেই কারণেই ভারত জেতার পর শুভেচ্ছাও জানিয়েছেন। তবে আমিরের এই সুরবদলের মাঝেই নতুন বিতর্ক শুরু করলেন আখতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement