IPL 2026

‘কাউকে প্রমাণ দেওয়ার নেই!’ বললেন শুভমন, জাতীয় দলে ফিরতে আইপিএলকেই পাখির চোখ পন্থ, পৃথ্বীর

তিন জনই ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন। তিন জনই আবার ফিরতে চান। আইপিএলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ২০:৫৮
Share:

(বাঁ দিক থেকে) শুভমন গিল, ঋষভ পন্থ ও পৃথ্বী শ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দু’জন সদ্য ভারতের টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন। এক জন অবশ্য বহু বছর ধরে ব্রাত্য। তিন জনই আবার ফিরতে চান। আইপিএলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন তাঁরা। আইপিএলের আগে তিন জন তিন ভাবে নিজেদের প্রস্তুত করছেন।

Advertisement

কাউকে প্রমাণ দেওয়ার নেই, মনে করেন শুভমন

ভারতের ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তিনি। ফলে বিশ্বজয়ের স্বাদ পাননি ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক। আইপিএলে ভাল খেললে আবার ছোট ফরম্যাটে প্রত্যাবর্তন হতে পারে তাঁর। তবে শুভমন গিলের মতে, কাউকে প্রমাণ দেওয়ার কিছু নেই তাঁর।

গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসাবে আইপিএলে নামার আগে সাংবাদিক বৈঠকে শুভমনকে প্রশ্ন করা হয়েছিল, কাউকে কি প্রমাণ দেওয়ার কিছু আছে। জবাবে তিনি বলেন, “একদমই নয়। কাউকে প্রমাণ দেওয়ার কিছু নেই। আইপিএলের গত তিন-চারটে মরসুমে সবচেয়ে বেশি রান করেছি। তাই আমার মনে হয় না, এই মরসুমে কাউকে জবাব দেওয়ার কিছু আছে।”

Advertisement

শুভমনের মতে, গত চার বছর তিনি যে ভাবে খেলেছেন, এই বছরও সেটাই করবেন। গুজরাতের অধিনায়ক বলেন, “গত চার বছর আমরা ভাল খেলেছি। আমি ব্যাটার হিসাবেও ভাল খেলেছি। গত চার বছর যে ভাবে খেলেছি, এ বারও সে ভাবেই খেলতে চাই। আমাদের দল যা শক্তিশালী তাতে আমরা ট্রফি জেতার দাবিদার।”

যুবরাজের মন্ত্র নিয়ে নামছেন পন্থ

গত বার ব্যাটার ও অধিনায়ক হিসাবে দুঃস্বপ্নের মরসুম কেটেছিল ঋষভ পন্থের। আইপিএলের সবচেয়ে দামি (২৭ কোটি) খেলোয়াড় ব্যর্থ হয়েছিলেন। ফলে ভারতের টি-টোয়েন্টি দলেও জায়গা হারান। এ বার ফিরতে মরিয়া পন্থ। তার জন্য যুবরাজ সিংহের কাছে গিয়েছেন তিনি।

আইপিএলের আগে যুবরাজের কোচিংয়ে কয়েক দিন অনুশীলন করেছেন পন্থ। তাতে তাঁর সুবিধা হবে বলেই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। একটি ইউটিউব ভিডিয়োয় পাঠান বলেন, “পন্থের তিন নম্বরে ব্যাট করতে নামা খুব জরুরি। আমার মনে হয়, এ বার ও সেটা করবে। যুবরাজের সঙ্গে ও সময় কাটিয়েছে। যুবরাজ আমাকে বলেছে, সেখানে টেকনিক্যাল দিকের থেকে মানসিক দিক নিয়ে বেশি কথা হয়েছে। ওরা ৩-৪ ঘণ্টা ধরে শুধু কথা বলেছে। যুবি ওকে মানসিক ভাবে তৈরি করেছে।”

এ বারের আইপিএলে পন্থই সবচেয়ে বেশি চাপে থাকবেন বলে মনে করেন পাঠান। সেই কারণেই যুবরাজের মন্ত্র কাজে লাগতে পারে। পাঠান বলেন, “পন্থের উপর চাপ সবচেয়ে বেশি থাকবে। সেটা ওকে সামলাতে হবে। এ বার ওকে অনেক বেশি ফিট লাগছে। যুবরাজের সঙ্গে ৪-৫ দিন কাটিয়েছে। এ বার ওকে অনেক বেশি উপভোগ করতে হবে। চাপ মাথার উপর চড়তে দিলে চলবে না।” ব্যাটার পন্থ সফল হলেই লখনউ সুপার জায়ান্টস দল হিসাবেও সফল হবে, এমনটাই মনে করেন পাঠান।

ক্রিকেটের প্রতি ভালবাসা কেউ কেড়ে নিতে পারবেন না, জানালেন পৃথ্বী

ভারতীয় ক্রিকেট থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছেন পৃথ্বী শ। তাঁর বিশৃঙ্খল জীবন এর প্রধান কারণ। তবে গত এক বছরে তিনি ছাড়া আর কিছু ভাবছেন না বলেই জানিয়েছেন পৃথ্বী। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে নামার আগে সাংবাদিকদের পৃথ্বী বলেন, “গত বার আইপিএলে সুযোগ পাইনি। ক্রিকেট থেকে বিশ্রাম পেয়েছিলাম। সেই বিশ্রাম কাজে দিয়েছে। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছি। এ বার আমি তরতাজা হয়ে আবার খেলতে নামছি।”

পৃথ্বী স্বীকার করে নিয়েছেন, গত কয়েক বছর তিনি খারাপ খেলেছেন। কিন্তু খারাপ সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তিনি। পৃথ্বী বলেন, “গত কয়েক বছর সময়টা ভাল যায়নি। এ বার আমি ফিরতে চাই। অনুশীলনে ১০০ শতাংশ দিচ্ছি। পরিশ্রম করছি। আমিও তো মানুষ। ভুল মানুষ মাত্রেই হয়। সেই ভুল শুধরে নেওয়ারও সুযোগ থাকে। সেটা করারই চেষ্টা করছি।”

ভুল বন্ধুদের পাল্লায় পড়ে ক্ষতি হয়েছে পৃথ্বীর। সমাজমাধ্যমও প্রভাব ফেলেছে তাঁর উপর। সে সব আপাতত কাটিয়ে উঠেছেন এই ডানহাতি ব্যাটার। পৃথ্বী বলেন, “আমার বন্ধু বাছতে ভুল হয়েছিল। সমাজমাধ্যমে মন দিয়ে ফেলেছিলাম। ফলে ক্রিকেটের ক্ষতি হয়েছিল। কিন্তু ভুল শোধরানোর সুযোগ সকলেই পায়। আমিও পেয়েছি। ক্রিকেট আমার আবেগ। আমার ভালবাসা। এই ভালবাসা কেউ কেড়ে নিতে পারবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement