কলকাতা নাইট রাইডার্সের দল। ছবি: পিটিআই।
চেন্নাই সুপার কিংসের জয় আইপিএলের পয়েন্ট তালিকায় দশম স্থানে নামিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত একমাত্র অজিঙ্ক রাহানেরাই কোনও ম্যাচ জিততে পারেননি। এর মধ্যেই একটি সুখবর কেকেআর শিবিরে।
মরসুম শুরুর আগে থেকেই বোলিং নিয়ে সমস্যায় কেকেআর। এ বার এই সমস্যার সমাধান হতে পারে। একটি ক্রীড়া ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, মাতিশা পাতিরানা যোগ দিতে পারেন কেকেআর শিবিরে। শ্রীলঙ্কার জোরে বোলার চোট সারিয়ে সুস্থ। ম্যাচ খেলার মতো ফিট। শ্রীলঙ্কা ক্রিকেটের ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। কেকেআর সমর্থকদের উৎসাহিত করতে পারে আরও একটি খবর। তা হল পাতিরানাকে আইপিএল খেলার অনুমতি দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। তিনি চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন। উল্লেখ্য, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলার জন্য রাহানেরা চেন্নাইয়ে রয়েছেন। আগামী মঙ্গলবার মুখোমুখি হবে দু’দল।
গত নিলামে ১৮ কোটি টাকায় পাতিরানাকে দলে নিয়েছিলেন কেকেআর কর্তৃপক্ষ। আইপিএলের অন্যতম সফল বিদেশি জোরে বোলার হিসাবে বিবেচনা করা হয় তাঁকে। এর আগে চেন্নাইয়ের হয়ে খেলতেন তিনি। আইপিএলে ৩২টি ম্যাচ খেলে ৪৭টি উইকেট রয়েছে তাঁর। চেন্নাই ম্যাচের আগে পাতিরানা যোগ দিলে রাহানেদের আত্মবিশ্বাস বাড়তে পারে।
বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আগেই আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুতর চোট পাওয়ায় আইপিএল থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। বিশ্বকাপের সময় চোট পান পাতিরানাও। ফলে প্রতিযোগিতা শুরুর আগেই বোলিং আক্রমণ নিয়ে বড় সমস্যায় পড়ে যান অভিষেক নায়ারেরা।