Virat Kohli Ruled Out

আফগানিস্তান সিরিজ়ে নেই কোহলি! আইপিএল জয়ের পর হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে বাদ পড়লেন বিরাট

কয়েক দিন আগেই দ্বিতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন বিরাট কোহলি। ফাইনালে হয়েছেন ম্যাচের সেরা। কিন্তু আফগানিস্তান সিরিজ়ে খেলতে পারবেন না তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১২:০২
Share:

বিরাট কোহলি। —ফাইল চিত্র।

ভারতের জার্সি গায়ে এখনই দেখা যাবে না বিরাট কোহলিকে। আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকে বাদ পড়েছেন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছেন কোহলি। কয়েক দিন আগেই দ্বিতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন কোহলি। ফাইনালে হয়েছেন ম্যাচের সেরা। কিন্তু আফগানিস্তান সিরিজ়ে খেলতে পারবেন না তিনি।

Advertisement

১৩ থেকে ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারত। সেখানেই দেখা যাবে না কোহলিকে। আইপিএল খেলতে গিয়ে কোহলির হ্যামস্ট্রিংয়ের লেগেছে, না এক দিনের সিরিজ়ের প্রস্তুতি নিতে গিয়ে তিনি চোট পেয়েছেন, তা অবশ্য জানা যায়নি।

আইপিএলে ভাল ফর্মে ছিলেন কোহলি। ১৬ ম্যাচে ৫৬.২৫ গড় ও ১৬৫.৮৫ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করেছেন তিনি। ফাইনালে ম্যাচ জেতানো ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন। সেই ফর্ম আফগানিস্তান সিরিজ়েও ধরে রাখতে চাইছিলেন তিনি। কিন্তু আপাতত খেলতে পারবেন না ভারতীয় ব্যাটার। আগেই জানা গিয়েছিল যে, আফগানিস্তান সিরিজ়ের দলে থাকলেও রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্যকে বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) যেতে হবে। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই খেলতে পারবেন তাঁরা। ফলে তাঁদের খেলা নিয়েও সংশয় রয়েছে। চোটের তালিকায় এ বার জুড়ল কোহলির নাম।

Advertisement

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর আপাতত শুধু এক দিনের ক্রিকেট খেলেন কোহলি। তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ জিতে অবসর নেওয়া। তবে তার জন্য ধারাবাহিক ভাবে ভাল খেলতে হবে তাঁকে। ২০২৫ সালে দুর্দান্ত মরসুম কেটেছে তাঁর। ১৩ ম্যাচে ৬৫১ রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন।

২০২৬ সালেও ফর্ম ধরে রেখেছেন কোহলি। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে ২৪০ রান করেছেন। একটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন তিনি। আপাতত কোহলির পরিবর্ত ঘোষণা করেনি বোর্ড। এর পর ১৪ থেকে ১৯ জুলাই ইংল্যান্ডের মাটিতে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেখানেও কোহলিকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের এক দিনের দল

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশন, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুর্নুর ব্রার, হর্ষ দুবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement