বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।
বৈভব সূর্যবংশীর সঙ্গে ছবি তুলবে বলে এগিয়ে এসেছিল দুই খুদে সমর্থক। কিন্তু সেই দুই সমর্থককে থামিয়ে দিয়ে টাকা চাইল বৈভব। জানাল, এক-একটি ছবি তুলতে সে ১০০ টাকা করে নেবে। ওই দুই সমর্থক টাকা নিয়ে আসতেই জানা গেল আসল কারণ।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বৈভবকে দেখে ছবি তোলার জন্য এগিয়ে এসেছিল দুই সমর্থক। তাদের ফিরিয়ে দিয়ে বৈভব জানায়, বিনামূল্যে সে ছবি তুলবে না। বৈভব বলেছে, “ভাই, আমি টাকা নিই। আমি এখন সত্যি করে তোমাদের বলছি, আমি ১০০ টাকা করে নেব।”
বৈভবের কথা শুনে কিছু ক্ষণ পর দুই সমর্থক ২০০ টাকা নিয়ে হাজির হয়। তখনই হাসিতে ফেটে পড়ে বৈভব। সে জানায়, দু’জনের সঙ্গে মজা করছে। এর পর ওই দুই সমর্থকের সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলে সে। বৈভবের কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়ে তার সতীর্থেরাও।
আগের ম্যাচে হায়দারাবাদের প্যাট কামিন্সকে প্রথম বলেই ছয় মেরেছিল বৈভব। সেই কামিন্স ম্যাচের পর উচ্ছ্বসিত বৈভবকে নিয়ে। কামিন্স বলেছিলেন, ‘‘এখন বৈভবই আমার প্রিয় ক্রিকেটার। কী জোরে বল মারে! প্রতিটি বল দূরে দূরে পাঠায়। ওর ব্যাটিং দেখতে দারুণ লাগে।’’
বোলার হিসাবে বৈভবকে বল করা কতটা কঠিন? এই প্রশ্নের উত্তরে কামিন্স বলেছিলেন, ‘‘বলের লাইন এবং লেংথ খুব ভাল না হলেই মেরে দেবে। বোলার হিসাবে নিখুঁত হতে হবে। ক্রিকেটজীবনটা যে ভাবে শুরু করেছে, এক কথায় দুর্দান্ত। অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে ওর মধ্যে। সত্যিই বৈভবের খেলা দেখতে ভাল লাগে। খেলাটা নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে।’’