বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
এ বারের আইপিএলের সবচেয়ে বড় তারকা বৈভব সূর্যবংশী। কমলা টুপি, আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার, সবচেয়ে বেশি ছক্কা, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট, সেরা উদীয়মান ক্রিকেটার— এই সবের মালিক সে। এই কীর্তির পরে বৈভবকে মজার ছলে খোঁচা মেরেছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই প্রসঙ্গে মুখ খুলল বৈভব।
আইপিএলে পাঁচটি পুরস্কার মারার পর অশ্বিন জানিয়েছিলেন, সবচেয়ে বেশি চারের পুরস্কারটাই খালি বৈভব পেল না। আর কয়েকটি চার মারলেই সেটাও পেয়ে যেত সে। তার জবাব দিয়েছে বৈভব। তার মতে, সে প্রতিটি বল চালাতে যায় না। তার খেলার ধরনটা আগ্রাসী হলেও বল দেখে খেলে সে।
আইপিএলের পর আপাতত সামনে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ় খেলতে যাবে বৈভব। তার আগে বাঁহাতি ওপেনার জানিয়েছে, সে সব বল চালায় না। বল দেখে খেলে। রাজস্থান রয়্যালসের ক্রিকেটারের কথায়, “সকলে ভাবেন, আমি প্রতিটা বল মারতে যাই। টি-টোয়েন্টি ক্রিকেটে কোচেরা আমাকে স্বাধীনতা দেন। তাঁরা বলেন চালিয়ে খেলতে। আমি জানি, চালিয়ে খেলতে পারব। তাই আগ্রাসী ব্যাটিং করি। কিন্তু প্রতিটা বল মারতে যাই না।”
ভারতের হয়ে শুধু টি-টোয়েন্টি বা সাদা বলের ক্রিকেট নয়, টেস্টও খেলতে চায় বৈভব। তার প্রস্তুতিও নেওয়া শুরু করেছে সে। ১৫ বছরের ক্রিকেটারের কথায়, “আমি টেস্ট খেলতে চাই। বাবা বলেছে, ওটাই আসল ক্রিকেট। অনূর্ধ্ব-১৯ স্তরে টেস্ট খেলেছিল। রঞ্জিও খেলেছি। কিন্তু বেশি সুযোগ পাইনি। আমি জানি টেস্ট খেলা কঠিন। লাল বলে প্রস্তুতি নিচ্ছি। টেস্টেও নাম করতে চাই।”
আইপিএলের পর বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য দ্বিগুণ টাকা নিচ্ছে বৈভব। ‘এনডিটিভি’ জানিয়েছে, আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের মুখ হতে ১ কোটি টাকা নিত বৈভব। সেই টাকা বেড়ে ২ কোটি হয়ে গিয়েছে। আইপিএলের আগে একটি শিশুখাদ্য ও একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনের মুখ ছিল বৈভব। সেই দু’টির জন্য ১ কোটি টাকা নিয়েছিল সে। আইপিএলের পর ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থা তার সঙ্গে কথা বলেছে। তখনই এই দ্বিগুণ দরের কথা জানা গিয়েছে।
বৈভব নিজে বিজ্ঞাপনের দিকটি দেখে না। তার বাবা-মা পুরো বিষয়টি দেখেন। তাঁরাই ‘এনডিটিভি’-কে বিষয়টি জানিয়েছেন। তাঁদের মতে, বৈভবের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে সংস্থাগুলি এত লাভ করছে। তার কিছুটা তো বৈভবের প্রাপ্য। সেই কারণেই দর বাড়ানো হয়েছে।