বিরাট কোহলি (বাঁ দিকে) এবং রোহিত শর্মা। — ফাইল চিত্র।
যা মনে করা হয়েছিল তার চেয়ে বেশি সময় লাগবে বিরাট কোহলির চোট সারতে। এমনটাই জানা গিয়েছে। ফলে আফগানিস্তান সিরিজ় নয়, তিনি ইংল্যান্ড সিরিজ়েও অনিশ্চিত। তবে রোহিত শর্মাকে নিয়ে সংশয় কেটেছে। তিনি ৮ জুন বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।
‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, আইপিএল ফাইনালে কোহলি যে চোট পেয়েছেন তা সারতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আফগানিস্তান সিরিজ় তো বটেই, ১৪ জুলাই থেকে শুরু হওয়া ইংল্যান্ড সিরিজ়েও হয়তো খেলতে পারবেন না তিনি।
বোর্ডের এক সূত্র বলেছেন, “কোহলির হ্যামস্ট্রিং ছিঁড়েছে। এই চোটে অস্ত্রোপচার করাতে হবে না। তবে সারতে ছয় সপ্তাহ সময় লাগবে। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে রিহ্যাবও করতে হবে কোহলিকে। ও শল্য চিকিৎসক দীনশ পারদিওয়ালার সঙ্গে কথা বলেছে। কোহলির এমআরআই স্ক্যানও পরীক্ষা করা হয়েছে।”
রোহিত আইপিএলের মাঝে চোট পেয়েছিলেন। পরে ফিরে ম্যাচও খেলেছেন। তবে আফগানিস্তান সিরিজ়ের আগে ফিটনেসের পরীক্ষা দিতে হবে তাঁকে। ওই সূত্র বলেছেন, “রোহিত ৮ জুন উৎকর্ষ কেন্দ্রে যোগ দিতে পারে। তিন দিন থাকবে ওখানে। কয়েকটা সেশনে অনুশীলন করবে। একটা মাঠে আলোর নীচে ব্যাট করার কথাও রয়েছে। ১১ জুন ধরমশালায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবে। প্রথম ম্যাচের আগে দু’দিন সময় থাকছে ওর হাতে।”