IPL 2026

আট বলে ছয় ছক্কা! উর্বিলের ব‍্যাটিং দেখতে ১১০০ কিলোমিটার দূরে অনুশীলন থামিয়ে দিলেন কোহলি

চেন্নাই সুপার কিংসের জার্সিতে রবিবার চিপকে ঝড় তুলেছিলেন উর্বিল পটেল। সেই ঝড়ের সাক্ষী হতে অনুশীলন বন্ধ করে দেন বিরাট কোহলি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৫:২৪
Share:

অনুশীলন থামিয়ে টেলিভিশনে উর্বিল পটেলের ব্যাটিং দেখছেন বিরাট কোহলি। ছবি: এক্স।

কয়েক ঘণ্টা পরেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ছিল গুরুত্বপূর্ণ ম্যাচ। তারই প্রস্তুতি নিচ্ছিলেন বিরাট কোহলি। হঠাৎ, সাইডলাইনে টেলিভিশনের পর্দায় নজর গেল তাঁর। দাঁড়িয়ে পড়লেন কোহলি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে চিপকে তখন ঝড় তুলছিলেন উর্বিল পটেল। সেই ঝড়ের সাক্ষী হতে অনুশীলন বন্ধ করে দেন কোহলি।

Advertisement

রবিবার দুপুরের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৩ বলে ৬৫ রান করেন তিনি। অর্ধশতরান করেন মাত্র ১৩ বলে। আইপিএলে এটি যুগ্ম ভাবে দ্রুততম অর্ধশতরান। ব্যাট করতে নেমে প্রথম আট বলেই ছ’টি ছক্কা মারেন তিনি। আট বল শেষে তাঁর রান ছিল ৪১, যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। এই ইনিংসে ভর করে জেতে চেন্নাই।

চিপক থেকে ১১০০ কিলোমিটার দূরে ছত্তীসগড়ের রায়পুরে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল বেঙ্গালুরুর। উর্বিল যখন একের পর এক ছক্কা মারছেন, তখন অনুশীলন করছিলেন কোহলি। হঠাৎ দেখা যায়, একটি জলের বোতল হাতে নিয়ে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বেশ কিছু ক্ষণ সেখানেই থাকেন কোহলি। উর্বিলের ইনিংস দেখেন। কোহলিকে দেখে বোঝা যাচ্ছিল, যে ভাবে অবলীলায় উর্বিল ছক্কা মারছিলেন, তা দেখে অবাক হচ্ছেন তিনি।

Advertisement

অর্ধশতরানের পর পকেট থেকে একটি চিরকুট বার করেন উর্বিল। তাতে লেখা, ‘বাবা, এটা তোমার জন্য।’ পেশায় স্কুলশিক্ষক মুকেশ পটেলের স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। হতে পারেননি। স্কুল শারীরবিদ্যার শিক্ষক ছিলেন। ছোট থেকেই উর্বিলের খেলার দিকে তাঁর নজর ছিল। ছেলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন মুকেশ। সেই কারণেই আইপিএলে রেকর্ড গড়ে সেই বাবাকেই তা উৎসর্গ করেছেন উর্বিল।

গুজরাতের পালানপুরে জন্ম নেওয়া উর্বিল ছোট থেকেই বয়সভিত্তিক ক্রিকেটে নজর কাড়তে শুরু করেন। এই শহর বিখ্যাত হিরের জন্য। সেখান থেকে ভারতীয় ক্রিকেটে এক নতুন হিরে উঠে এল। উর্বিলের ঘরোয়া ক্রিকেট শুরু বরোদার হয়ে। ২০১৬-১৭ সালে আঞ্চলিক টি-টোয়েন্টি লিগ খেলে শুরু তাঁর। ২০১৭-১৮ সালে বরোদার হয়েই বিজয় হজারে ট্রফি খেলেন তিনি।

২০১৮-১৯ মরসুমে বরোদা থেকে গুজরাতে চলে যান উর্বিল। ২০২৪ সালে গুজরাতের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। অবশ্য তার আগের বছর ২০২৩ সালে লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরান করেন তিনি। মাত্র ৪১ বলে ১০০ করেছিলেন এই ডানহাতি ব্যাটার।

২০২৪ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ বলে শতরান করেন উর্বিল। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে এটি দ্রুততম শতরান। সেই বছরই উত্তরাখণ্ডের বিরুদ্ধে ৩৬ বলে শতরান করেন তিনি। পরের বছর মুস্তাক আলিতে সার্ভিসেসের বিরুদ্ধে ৩১ বলে শতরান করেছেন তিনি। উর্বিলই একমাত্র ব্যাটার, ঘরোয়া টি-টোয়েন্টিতে যিনি তিন বার ৪০-এর কম বলে শতরান করেছেন।

উর্বিলের রেকর্ডের দিনে অবশ্য প্রথম বলেই শূন্য রানে আউট হন কোহলি। পর পর দু’ম্যাচে শূন্য রানে ফিরলেন তিনি। কোহলি রান না পেলেও তাঁর দল জিতেছে। টান টান ম্যাচে মুম্বইকে শেষ বলে হারিয়ে জয়ে ফিরেছে বেঙ্গালুরু। পয়েন্ট তালিকার শীর্ষে তারা। অন্য দিকে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement